ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় তিনটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সাগরে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের নৌবন্দরগুলোকে বলা হয়েছে, দুই নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ্য আবহাওয়াবিদ আবদুল মান্নান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিম উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে উপকূলে দমকা হাওয়াসহ ঝড়োবৃষ্টি হতে পারে।"
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত ও ঢাকাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নৌবন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে বলে মান্নান জানান।
বুধবারও একই আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, "বৃহস্পতিবারের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরতে পারে।"
আবহাওয়া অধিদপ্তরের সেপ্টেম্বর মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে সাগরে দুই থেকে তিনটি মৌসুমী নিুচাপ সৃষ্টি হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫৫৭ ঘ.
bdnews24