সিলেট, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের প্রতি সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানালেন। সর্বদলীয়ভাবে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র বদরউদ্দিন কামরান।
এর পর জেলা শহরের শাহী ঈদগাহ মাঠে সাইফুর রহমানের জানাজায় লাখো মানুষের সমাগম ঘটে।
মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি জানাজা শেষে মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে স্ত্রীর কবরের পাশে বিএনপির এ প্রবীণ নেতাকে সমাহিত করা হবে।
সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে শাহী ঈদগাহ মাঠে সাইফুর রহমানের কফিনবাহী গাড়ি এসে পোঁছায়।
দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হওয়া জানাজায় ইমামতি করেন বন্দর বাজার জামে মসজিদের খতিব আলহ্বাজ মাওলানা আব্দুর রহমান।
জানাজায় অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান, সিলেট জেলা বিএনপি'র আহ্বায়ক এম ইলিয়াস আলী, মহানগর বিএনপি'র সভাপতি শাহরিয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক, সিলেট মহানগর জামায়াতের আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমসহ প্রায় লাখখানেক মানুষ।
জানাজায় সাইফুর রহমানের কৃতিত্বপূর্ণ জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আ স ম হান্নান শাহ, বিএনপি'র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল নোমান, জামায়াতে ইসলামীর সিলেট বিভাগের সমন্বয়কারী ডা. শফিকুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানসহ আরও অনেকে।
আলোচনায় বক্তারা বলেন, সাইফুর রহমান শুধু সিলেটের নয়, তিনি ছিলেন গোটা দেশের গর্ব। তার মৃত্যুতে দেশ ও জাতির যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। অর্থমন্ত্রী হিসেবে তিনি সফল ছিলেন। তার প্রচেষ্ঠায় এ দেশের অর্থনীতির ভিত অনেক শক্তিশালী হয়েছে।
আব্দুল্লাহ আল নোমান বলেন, "তার সুযোগ্য প্রচেষ্টায় বাংলাদেশ সরকার এখন কারও মুখাপেক্ষী না হয়ে নিজেই দেশের বাজেট উপস্থাপন করতে পারে।"
এ সময় সাইফুর রহমানের ছেলে কায়সার রহমান টিটু প্রয়াত সাইফুর রহমানের আত্মার শান্তি কামনার জন্য সবার প্রতি অনুরোধ জানান। জীবদ্দশায় সাইফুর রহমানের কোনও ভুল হয়ে থাকলে সেজন্য ক্ষমাও চান কায়সার।
দুপুর ১২টা ১২ মিনিটে সাইফুর রহমানের কফিনবাহী অ্যাম্বুলেন্স সিলেটে পোঁছায়। সাইফুর রহমানের কফিন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
দুপুর ২টায় সাইফুর রহমানের কফিনবাহী অ্যাম্বুলেন্সটি মৌলভীবাজারের উদ্দেশে রওনা দেয়। সেখানে বিকেল ৫টায় আরেকবার জানাজা শেষে মৌলভীবাজারের বাহারমর্দন গ্রামে স্ত্রীর কবরের পাশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে সমাহিত করা হবে।
সাইফুর রহমান শনিবার এক সড়ক দুর্ঘটনায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তার মৃত্যুতে রোববার থেকে তিন দিনের শোক পালন করছে বিএনপি। কর্মসূচির প্রথম দিন রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় ও মহানগর কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
প্রয়াতের স্মরণে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রোববার শোক বই খোলা হয়েছে।
বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৫টায় কূটনীতিকরা শোক বইতে স্বাক্ষর করেন। সোম ও মঙ্গলবার থেকে সর্বসাধারণের জন্য সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শোক বই খোলা থাকবে।
সাইফুর রহমান বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি মোট ১২ বার জাতীয় বাজেট উপস্থাপন করেন।
তার জন্ম ১৯৩২ সালে মার্চে মৌলভীবাজার সদরের বাহারমর্দন গ্রামে। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
bdnews24