রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুরে পুলিশের ওপর হামলার মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক সাব্বির আহমেদ তাফসীরকে গ্রেপ্তারের পরে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার রাত ১০টার দিকে বিনোদপুর বাজার থেকে মতিহার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
একই মামলায় রোববার দুপুরে সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রশিবিরের সভাপতি একরাম আলীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, "পুলিশের ওপর হামলার মামলায় বিনোদপুর বাজার থেকে তাফসীরকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।"
তিনি জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ২৩ মে ছাত্রশিবির বিপুল সংখ্যক বহিরাগত নিয়ে বিনোদপুরে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রশিবিরের সশস্ত্র নেতাকর্মীরা পুলিশ ও বিনোদপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এতে পুলিশের ১০ সদস্যসহ ২০ জন আহত হন।
এ ঘটনায় মতিহার থানার ওসি এবং বিনোদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাদী হয়ে দুটি মামলা করেন। একটি পুলিশের ওপর হামলার ঘটনায়। অপরটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায়।
গত ১৩ মার্চ রাবিতে ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যকার সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। পরে অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে ১২ মে সিন্ডিকেটের সিদ্ধান্তে ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/এমএসবি/১৬৫৪ ঘ.
bdnews24