ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর, নারায়ণগঞ্জ ও ফরিদপুরে তিনজনকে হত্যা করা হয়েছে।
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট গ্রামে শনিবার সকালে যৌতুক স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী।
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ ভূঁইয়ার এলাকায় শুক্রবার রাত ১২টায় পারিবারিক কলহের জের ধরে শ্যালকের হাতে খুন হয়েছেন ভগ্নিপতি।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের খুন হয়েছেন এক গৃহবধূ। শনিবার সকালে গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: মিঠাপুকুর উপজেলার বালারহাট গ্রামের বাটুল মিয়া যৌতুক চেয়ে না পেয়ে স্ত্রী ফরিদা বেগমকে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকে বাটুল পলাতক রয়েছেন।
মিঠাপুকুর থানার বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনোরঞ্জন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরিদা বেগমকে তার স্বামী বাটুল মিয়া ব্যবসা করার জন্য বাবার বাড়ি থেকে ৩০ হাজার টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। টাকা এনে না দেওয়ায় শনিবার সকাল সাতটার দিকে ফরিদাকে পিটিয়ে হত্যা করেন বাটুল।
তিনি বলেন, "ফরিদা মারা গেছে বুঝতে পেরে বাটুল মৃত স্ত্রীর মুখে বিষ ঢেলে দেয়। বিষয়টি তাদের একমাত্র মেয়ে তিন বছরের বীথি দেখে ফেলে।"
এসআই মনোরঞ্জন রায় জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর আশপাশের লোকজনের কাছে বীথি তার মা'র মুখে বিষ ঢেলে দেওয়ার কথা বলে দেয়।
ফরিদার মাথায় এবং শরীরের বেশ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনোরঞ্জন রায় জানান ।
এ ঘটনায় ফরিদার মা সাবিনা বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেছেন বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান ।
নারায়ণগঞ্জ: শহরের পশ্চিম দেওভোগ ভঁইয়ার এলাকায় শুক্রবার রাত ১২টায় পারিবারিক কলহের জের ধরে শ্যালকের হাতে খুন হয়েছে ভগ্নিপতি। ঘটনার পর পরই শ্যালক পালিয়ে গেছে।
গার্মেন্টস কর্মী দিলীপ কুমার দাস (৩৫) পরিবার নিয়ে শহরের ৭৩/৩ পশ্চিম দেওভোগ ভূঁইয়ারবাগে ফজলুল হকের বাড়িতে ভাড়া থাকতেন। পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে তার। বেকার শ্যালক গোপাল (২০) দিলীপের সঙ্গেই থাকতেন। প্রায়ই দিলীপের সঙ্গে গোপালের ঝগড়া হত।
শুক্রবার রাত ১২টায় ঝগড়ার এক পর্যায়ে গোপাল কাঁচি দিয়ে ভগ্নিপতি দিলীপের পেটে আঘাত করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ফতুল্লা থানায় হত্যা মামলা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, গোপালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে গৃহবধু চম্পা বেগমের (২৫) লাশ শনিবার সকাল ৮টায় উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকে চম্পার স্বামী মাসুদ মোল্লা পলাতক রয়েছেন।
ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ চম্পার বোন সীমাকে গ্রেপ্তার করেছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার সাহা জানান, চরডাঙ্গা গ্রামের মাসুদ মোল্লার স্ত্রী চম্পা বেগমের লাশ পুকুরে ভাসতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়।
ওসি বলেন, মাসুদের সঙ্গে একইগ্রামের চম্পার বিবাহিত বোন সীমা বেগমের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে চম্পার সঙ্গে মাসুদের ঝগড়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, মাসুদ মোল্লাই স্ত্রীকে হত্যা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২০০০ ঘ.
bdnews24