ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় নিহত সাবেক অর্থমন্ত্রী ও বিএনপি নেতা এম সাইফুর রহমানের মরদেহ রাত পৌনে ৮টার দিকে তার ঢাকার বাসভবন গুলশান ২ এর জালালাবাদ হাউজে পৌঁছেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতাল থেকে পুলিশ পাহারায় তার মরদেহ গুলশানের বাসভবনে নিয়ে আসা হয়।
শনিবার দুপুরে মৌলভীবাজার থেকে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনা নিহত হন বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী সাইফুর রহমান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মোট ১২ বার বাজেট উপস্থাপন করেন।
প্রবীণ নেতা সাইফুরের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন। তিনি তার শনিবারের সব কর্মসূচি স্থগিত করেছেন।
পুলিশ জানায়, সাইফুর রহমানের গাড়িটি বেলা আড়াইটার দিকে আশুগঞ্জের খড়িয়ালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ সাংসদ লুৎফুল হাই সাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাইফুর রহমানকে বহনকারী গাড়িটি একটি গরুকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। গাড়িটি প্রায় ৫/৬ ফুট পানিতে তলিয়ে গিয়েছিল।"
তিনি বলেন, "সাইফুর রহমান সিট বেল্ট পরেছিলেন। তার পেছনে যে গাড়ি ছিলো সে গাড়ি থেকে লোকজন নেমে গাড়ির দরজা ভেঙে এবং সিটবেল্ট কেটে পানির ভেতর থেকে তাকে বের করতে প্রায় ১০ থেকে ১২ মিনিট সময় লেগে যায়।"
দুর্ঘটনায় গুরুতর আহত সাইফুরকে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, পানির ভেতর থাকা অবস্থায়ই সাইফুর রহমানের মৃত্যু হয়।
দুর্ঘটনায় সাইফুর রহমানের সঙ্গে থাকা শামছুল হক (৪০), সজীব মিয়া (২৫), শরীফ আহমেদ (২৬), মিরাজ হোসেন ((২৮) ও শামছ মিয়া (৩৫) আহত হন। তারা ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন।
সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভিড় জমে যায়। স্থানীয় বিএনপির নেতারা ছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্য রাজনৈতিক দলগুলোর নেতারাও হাসপাতালে ছুটে যান।
ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যান সাইফুর রহমানের ছেলে কায়সার রহমান। বিকেল সোয়া ৫টায় লাশ নিয়ে তিনি ঢাকার পথে রওনা হন।
সাইফুরের ব্যক্তিগত সহকারী শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইফুর রহমান মৌলভীবাজার থেকে ঢাকায় ফিরছিলেন।
তিনি শুক্রবার সিলেটে গিয়েছিলেন এবং হজরত শাহজালালের মাজার জিয়ারত করেন।
পেশায় চার্টার্ড অ্যাকাউনটেন্ট সাইফুর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে যুক্ত হন।
তিনি চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী ছিলেন তিনি।
জিয়ার মন্ত্রিসভায় প্রথমে বাণিজ্য মন্ত্রণালয় এবং পরে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাইফুর। এরপর বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, সাইফুর রহমানই অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৯১-৯৬ মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের সময় তিনি দেশে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) চালু করেন।
তার জন্ম ১৯৩২ সালে মার্চে মৌলভীবাজার সদরের বাহারমর্দন গ্রামে। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
bdnews24