২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সন্দেহভাজন দুই চরমপন্থী আটক

সাতক্ষীরার তালা উপজেলায় গত দুইদিনে সন্দেহভাজন দুই চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মঙ্গলবার সকালে পাটকেলঘাটা বাজার এলাকা থেকে শিবপদ সরকার (৪০) এবং সোমবার রাতে বারুইহাটি গ্রাম থেকে রেজাউল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 04:51 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

সাতক্ষীরা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার তালা উপজেলায় গত দুইদিনে সন্দেহভাজন দুই চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মঙ্গলবার সকালে পাটকেলঘাটা বাজার এলাকা থেকে শিবপদ সরকার (৪০) এবং সোমবার রাতে বারুইহাটি গ্রাম থেকে রেজাউল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়। শিবপদ তালা উপজেলার গাছা গ্রামের সুখদেব সরকারের এবং রেজাউল ইসলাম বারুইহাটি গ্রামের আব্দুল মজিদের ছেলে। সাতক্ষীরা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক অমল কুমার রায় জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার রাতে বারুইহাটি গ্রাম থেকে রেজাউল ইসলামকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় সেখানে কয়েকজন চরমপন্থী সদস্য সভা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। পরে রেজাউলের দেওয়া তথ্যমতে মঙ্গলবার সকালে পাটকেলঘাটা ওভারব্রিজ থেকে শিবপদ সরকারকে থানা পুলিশ আটক করে। রেজাউল ইসলামকে মঙ্গলবার আদালতে হাজির করে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলেও তিনি জানান। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসেম খান জানান, আটক দু'জন চরমপন্থী দলের ক্যাডার। এর মধ্যে শিবপদ'র বিরুদ্ধে কয়েকটি হত্যাসহ আটটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.