২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ ও বাগেরহাটে দুজন খুন, গ্রেপ্তার ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামে সোমবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মসজিদের ইমাম নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 11:01 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

কিশোরগঞ্জ/বাগেরহাট, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামে সোমবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মসজিদের ইমাম নিহত হয়েছেন। বাগেরহাটের রামপালে সোমবার বিকেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রকাশ্যে হত্যা করা হয়েছে একজনকে। পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকরেমর প্রতিনিধিদের পাঠানো খবর: কিশোরগঞ্জ: সোমবার রাত ১১টার দিকে পাকুন্দিয়ার কোদালিয়া গ্রামে নিহত ব্যক্তির নাম মাহবুবুল আলম (৩৮)। তিনি স্থানীয় 'কুয়েতি' মসজিদের ইমাম ছিলেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, তারাবিহ'র নামাজ শেষে পায়ে হেঁটে চর পলাশ গ্রামে নিজ বাড়িতে ফেরার সময় স্থানীয় যুবক জুয়েল (২৫) মাহবুবুল আলমের পথরোধ করে বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওসি জানান, জুয়েল বিভিন্ন অসামাজিক কাজে জড়িত ছিল। মাহবুবুল আলম প্রায়ই তাকে এসব কাজ থেকে বিরত থাকার উপদেশ দিতেন। এজন্য জুয়েল ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় নিহতের বড় ভাই বুলবুল আহমেদ বাদী হয়ে জুয়েলকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে জুয়েল পলাতক রয়েছেন বলে ওসি জানান। বাগেরহাট: রামপাল সদর ইউনিয়নের নদীরহুলা গ্রামে সোমবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা করা হয় ডি এল বাড়ৈ (৪৩) নামের এক ব্যক্তিকে। পুলিশ ঘাতক অরুণ বাড়ৈকে (৪৭) ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীরহুলা গ্রামের অরুণ বাড়ৈ'র সঙ্গে প্রতিবেশী সুভাস বাড়ৈ'র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুভাসের ভাই ডিএল বাড়ৈ এগিয়ে এলে অরুণ ধারালো কাঁচি দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে রামপাল হাসপাতালে নেওয়ার পথে ডিএল বাড়ৈ'র মৃত্যু হয়। ওসি জানান, সুভাস বাড়ৈ বাদী হয়ে অরুণের বিরুদ্ধে রামপাল থানায় একটি হত্যা মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭১৯ ঘ.