২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে পোশাক কারখানায় শ্রমিকদের ভাঙচুর

কয়েকজন শ্রমিককে অব্যাহতি দেওয়ার জেরে শেরপুরের বিসিক শিল্পনগরীর রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় সোমাবার দুপুরে ভাঙচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

শেরপুর, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কয়েকজন শ্রমিককে অব্যাহতি দেওয়ার জেরে শেরপুরের বিসিক শিল্পনগরীর রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় সোমাবার দুপুরে ভাঙচুর হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা রড এবং লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে কারখানার জানালার কাচ ভাঙচুর করে। ঘটনার পর থেকে ভি-সাইন অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে। বিসিক শিল্পনগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানার ব্যবস্থাপক এ কে এম মওদুদ হোসেন অভিযোগ করেন, অব্যাহতি নেওয়া নয় শ্রমিকের নেতৃত্বে ২০-২৫ জন বহিরাগতসহ একদল শ্রমিক দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কারখানায় ভাঙচুর চালায়। তার দাবি, হামলাকারীরা কারখানা জানালার কাচ, ৫০টি নিটিং এবং ২৫টি লিংকিং মেশিন ভাঙচুর করেছে। শ্রমিকরা ভেতরে প্রবেশ করে তাকে জিম্মি করে নগদ চার লাখ টাকা নিয়ে গেছে বলেও তিনি দাবি করেন। তবে সরজমিনে দেখা গেছে, জানালার কাচ ছাড়া ভেতরে ভাঙচুরের কোনো আলমত নেই। শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, কারখানার বাইরের জানালার কাচ ভাঙচুরের সত্যতা মিলেছে। কিন্তু কারখানার ভেতরে ক্ষতিসাধনের আলামত পাওয়া যায়নি। অব্যাহতি পাওয়া শ্রমিক রেজাউল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার দুপুরে আমি আমার চরশেরপুর এলাকার বাড়িতে অবস্থান করছিলাম। আমাদেরকে ফাঁসানোর জন্যই এমন কথা বলা হচ্ছে।" পুলিশ জানায়, দেড় মাস আগে মজুরি বাড়ানোসহ ১৩ দফা দাবিতে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা ধর্মঘট করে শহরে মিছিল ও প্রশাসনের নিকট স্মারকলিপি দেয়। সে সময় সাতদিন কারখানায় উৎপাদন বন্ধ থাকে। ওই ঘটনায় রোববার শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতার ভিত্তিতে পাওনা বুঝিয়ে দিয়ে নয় শ্রমিককে অব্যাহতি দেওয়া হয়। কারখানার ব্যবস্থাপক মওদুদ হোসান অফিযোগ করেন, অব্যাহতি পাওয়া নয় শ্রমিক ৩/৪ দিন আগে তার কাছে মাসে ২ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। অন্যথায় কারখানায় গন্ডগোল হবে বলে হুমকি দেন। এ ব্যাপারে থানায় কোন সাধারণ ডায়েরি বা মামলা করা হয়নি বলে তিনি জানান। তবে নাম প্রকাশ না করার শর্তে কারখানার কয়েকজন শ্রমিক জানান, কথা দিয়েও মালিকপক্ষ কথা রাখেন না। মজুরি কম দেওয়া হয়। প্রশাসনের লোকজন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এসব কারণে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০১ ঘ.