২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যক্ষ লাঞ্ছনার ঘটনায় খুলনা মেডিকেল হাসাপাতালে ভাঙচুর

অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক ভাঙচুর করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। লাঞ্ছিতকারী দুই চিকিৎসকের অপসারণ ও বিচারের দাবিতে তারা মঙ্গলবার থেকে কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করেছে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 10:25 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

খুলনা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় সোমবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক ভাঙচুর করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। লাঞ্ছিতকারী দুই চিকিৎসকের অপসারণ ও বিচারের দাবিতে তারা মঙ্গলবার থেকে কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া শিক্ষানবিশ চিকিৎসকরা প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালনের কর্মসূচি দিয়েছেন। ভাঙচুরের সময় চার শিক্ষার্থী আহত হয়েছেন। এরা হলেন- চতুর্থ বর্ষের নিয়াজ মোস্তফা চৌধুরী ও চয়ন বিশ্বাস, প্রথম বর্ষের দীপক সাহা ও আদনান। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কে পি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডের (১১ ও ১২ নম্বর ) দুই নম্বর ইউনিট পরিদর্শন করছিলেন। কয়রা উপজেলার গোচরা গ্রামের আব্দুস সাত্তার (৪৫) নামের এক রোগীর কাগজপত্র দেখার সময় একটি জখমের সনদ দেখতে পান। সনদের ব্যাপারে জানতে চাইলে রোগী তাকে জানান- আড়াই হাজার টাকার বিনিময়ে ডা. তোজাম্মেল হোসেন জোয়াদ্দার তাকে এটি দিয়েছেন। পরে তিনি সনদটি নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কাজী হামিদ আসগরের কক্ষে যান এবং কিভাবে ডা. তোজাম্মেল সনদটি দিলেন তা জানতে চান। তখন তত্ত্বাবধায়ক ডা. তোজাম্মেল এবং সনদ প্রদান বোর্ডের সদস্য অ্যানেসথেসিয়া বিভাগের ডা. রবিউল ইকবালকে তার কক্ষে ডেকে ঘটনাটি জানতে চান। এক পর্যায় তত্ত্বাবধায়কের কক্ষেই তাকে লাঞ্ছিত করেন ডা. তোজাম্মেল ও ডা. রবিউল। ডা. তোজাম্মেল রক্ত সঞ্চালন বিভাগের মেডিকেল অফিসার এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের খুলনা জেলা শাখার সহ-সভাপতি। অধ্যক্ষ ডা. কে পি সরকার লাঞ্ছিত হওয়ার খবর পেয়ে দুপুর ১টার দিকে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হাসপাতালে এসে ব্যাপক ভাংচুর করে। প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে হাসাতালের প্রশাসনিক কর্মকর্তার কক্ষ, টেলিফোন কক্ষ, রক্ত সঞ্চালন বিভাগ, সম্মেলন কক্ষ, অ্যানেসথেসিয়া বিভাগের ভাণ্ডার কক্ষ, শ্রেণী কক্ষ এবং মেডিসিন ওয়ার্ডের কক্ষসহ অর্ধশতাধিক কক্ষের জানলার কাচ ভাঙচুর করে। এছাড়া তারা চেয়ার-টেবিল, আলমারী ও নোটিশ বোর্ড ভাঙচুর করে। দুপুর তিনটা পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুর চলে। ছাত্রলীগ কলেজ শাখার আহবায়ক ফয়সাল কাদির শাওন দাবি করেন, ডা. তোজাম্মেল বহিরাগতদের নিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। এতে চার ছাত্র আহত হন। তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত, দুই চিকিৎসকের বিচার ও অপসারণ দাবি করে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের কর্মসূচি দিয়েছেন তারা। শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল হোসেন খান লিংকন জানান, একই দাবিতে মঙ্গলবার থেকে তারাও সকাল ৯টা থেকে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন। অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে ডা. তোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধ্যক্ষের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে। সনদ প্রদান বোর্ডের সদস্য হিসেবে আমি ওই সনদ দিয়েছি।" হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কাজী হামিদ আসগর বলেন, "বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.