ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইস্যুতে সংলাপ আয়োজনে সরকারের লিখিত প্রস্তাব পেলে নির্বাচন কমিশন (ইসি) তা বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
তিনি বলেন, "তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সরকার মতামত চাইলে আমরা অবশ্যই দেব। উই হ্যাভ আওয়ার ওপিনিয়ন। তবে আগ বাড়িয়ে কিছু বলে বিতর্ক সৃষ্টি করতে চাই না।"
ইসিকে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংলাপ আয়োজনে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আহ্বানের বিষয়ে সিইসি বলেন, "পত্র পত্রিকার বক্তব্যে আমরা কিছু করবো না। এই বিষয়ে সরকারের লিখিত প্রস্তাব পেলে আমরা অবশ্যই কিছু করব (ডেফিনিটলি উই উইল ডু সামথিং)।"
সোমবার নির্বাচন কমিশনে দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আবার সংশোধনী আনার বিষয়ে নির্বাচন কমিশন উদ্যোগ নিচ্ছে- উল্লেখ করে শামসুল হুদা জানান, আরপিও-র ধারাগুলো আমরা পর্যালোচনা করছি। এরপর সুশীল সমাজ , গণমাধ্যম ও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করে ইসি সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ পেশ করবে।
সংসদের আগামী অধিবেশনে স্থানীয় সরকারের প্রস্তাবিত সিটি করপোরেশন, পৌর সভা ও ইউনিয়ন পরিষদ আইন পাশ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর প্রেক্ষিতে ২০১০-র জানুয়ারি থেকে এ সব নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জানান সিইসি।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ নির্বাচন কমিশনের বিভিন্ন সহযোগিতার কথা জানানো হয়। দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষে লি জং উ নির্বাচন কমিশনকে ৪০টি ল্যাপটপ কম্পিউটার প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার মুহম্মদ ছহুল হোসাাইন ও এম শাখাওয়াত হোসেন, ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির এবং ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ন এবং বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সুক বাম পার্ক।
গত ১৮ আগস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যর্থ হয়েছে মন্তব্য করে বলেছিলেন, এ ব্যবস্থা থাকবে কি না তা নিয়ে এখনই আলোচনা হওয়া দরকার। ইসি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাইতে পারে।
এরপর ২০ আগস্ট নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা না থাকার বিষয়টি নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলের সঙ্গে তাদের নির্ধারিত সংলাপের এজেন্ডায় রাখতে চায় না। তবে এরপরও দলগুলো ইসির কাছে তাদের বক্তব্য তুলে ধরতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এইচএ/১২২৮ ঘ.
bdnews24