২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ও শাস্তি দাবি

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দীপকেন্দ্রনাথ দাসের অপসারণ দাবি করেছে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

রাজশাহী, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দীপকেন্দ্রনাথ দাসের অপসারণ দাবি করেছে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। রোববার দুপুরে বিক্ষোভ মিছিল এবং নগরীর লক্ষ্মীপুর মোড়ে সমাবেশ করে সংগঠনের নেতারা বোর্ড চেয়ারম্যানের অপসারণ ও শাস্তি দাবি করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন দীপকেন্দ্র নাথ দাস। সকাল ১১টার দিকে সংগঠনগুলোর নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা লক্ষ্মীপুর মোড়ে দুপুর দেড়টা পর্যন্ত সমাবেশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সুজিত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- রাজশাহী স্বাধীনতা চিকিৎসক পরিষদ'র সভাপতি ও স্থানীয় নাগরিক কমিটির নেতা ডা. সৈয়দ সাফিকুল আলম, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের রাজশাহীর নেতা মেরাজুল আলম, মুক্তিযোদ্ধা শাজাহান আলী, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট রাজশাহীর যুগ্ম-আহবায়ক আব্দুল বারী, ৭১'র ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। বক্তারা বলেন, বোর্ড চেয়ারম্যান 'যাচ্ছেতাইভাবে' ১৫ আগস্ট পালন করেছেন। শোকের মাসে জিয়াউর রহমানকে জাতির জনকের সঙ্গে তুলনা করে বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে। তারা অভিযোগ করেন, বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরেই দীপকেন্দ্রনাথ জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করে রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানসমুহে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। সমাবেশে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের নেতা দিলীপ কুমার ঘোষ, উদীচী রাজশাহীর সভাপতি অধ্যাপক আলমগীর মালেক, নাট্যকর্মী কামারউল্লাহ, আবৃত্তি কেন্দ্রের সম্পাদক আনোয়ার হোসেনসহ সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী ইউনিয়নের নেতারা একাত্মতা প্রকাশ করেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নেতারা সংহতি প্রকাশ করেন। অভিযোগ অস্বীকার করে বোর্ড চেয়ারম্যান দীপকেন্দ্রনাথ সাংবাদিকদের বলেন, ১৫ আগস্টে বোর্ডের কর্মসূচি ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও দোয়া মাহফিল। দোয়া মাহফিল মসজিদের ভিতরে হওয়ায় সেখানে তিনি না গিয়ে লিখিত বক্তব্য পাঠান। তার বক্তব্য পড়ে শোনান বোর্ডের সচিব তানবীরুল আলম। তিনি বলেন, "বঙ্গবন্ধুকে অবমাননা এবং জিয়াউর রহমানকে জাতির জনকের সঙ্গে তুলনা করার প্রশ্নই আসে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৪ ঘ.