২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে এবার প্রতারণার মামলায় আজাদ কারাগারে

এক পুলিশ কর্মকর্তাকে মারধরের মামলায় আজাদ গ্র"পের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জামিন পেলেও রোববার সকালে দায়ের করা জালিয়াতি ও প্রতারণার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক পুলিশ কর্মকর্তাকে মারধরের মামলায় আজাদ গ্র"পের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জামিন পেলেও রোববার সকালে দায়ের করা জালিয়াতি ও প্রতারণার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম দিলারা আলো চন্দনা বিকেলে দুটি মামলায় এ আদেশ দেন। এর আগে পুলিশ কর্মকর্তাকে মারধর করার মামলায় একদিনের আইনি হেফাজত শেষে রোববার দুপুরে আজাদকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় বিচারক তার জামিন মঞ্জুর করেন। কিন্তু নতুন করে জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। তবে এদিন আগের মামলার তদন্ত কর্মকর্তা পুনরায় রিমান্ডের আবেদন জানাননি। প্রথম মামলায় শুক্রবার আদালত তাকে একদিনের আইনি হেফাজতে পাঠিয়েছিল। জালিয়াতি ও প্রতারণার মামলাটি করেছেন পুলিশ সদস্যকে মারধরের মামলার তদন্ত কর্মকর্তা মাজহারুল আমিন। রোববার সকালে পল্টন থানায় তিনি এ মামলা দায়ের করেন। প্রতারণা মামলার এজাহারে বলা হয়, পুলিশ পেটানোর মামলার তদন্ত কর্মকর্তা মাজহারুল আমিন গত ২৮ আগস্ট সকাল ১১টার দিকে পল্টনের গ্র্যান্ড আজাদ হোটেলের ১২ তলায় তদন্তের জন্য যান। সেখানে ১২০৫ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে 'গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অথারাইজড অফিসারের কার্যালয়, ঢাকা' লেখা ও শাপলা চিহ্ন অঙ্কিত দুটি সিল এবং একটি বহুতল ভবনের নকশা উদ্ধার করেন। প্রতারণার উদ্দেশ্যেই সরকারি কর্মকর্তার দপ্তরের সিল বানিয়ে অভিযুক্ত নিজের কার্যালয়ে রেখেছেন বলে মামলায় অভিযোগ আনা হয়। জামিন শুনানিতে আজাদের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান এবং নূর হোসেন বলাই আদালতে বলেন, পুলিশ পেটানো মামলার বাদি গোলাম সারোয়ার অসৎ উদ্দেশ্যে গ্র্যান্ড আজাদ হোটেলে গিয়েছিলেন। উদ্দেশ্য হাসিল করতে না পেরে তিনি এ মিথ্যা মামলা করেছেন। তারা আদালতের কাছে প্রশ্ন রাখেন, একজন পুলিশ কর্মকর্তার কাছে এতো দামী অলঙ্কার কীভাবে থাকে এবং তার পকেটে এতো টাকা এলো কোত্থেকে। শুনানির সময় আজাদের ছেলে জিয়াউর রহমান আজাদ আদালতে উপস্থিত ছিলেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম সারোয়ারের দায়ের করা মামলায় বৃহস্পতিবার মধ্যরাতে আজাদকে পল্টনের গ্র্যান্ড আজাদ হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। আবুল কালাম আজাদ 'আজাদ গ্র"পে'র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি আজাদ প্রোডাক্টস এবং গ্র্যান্ড আজাদ হোটেলের স্বত্বাধিকারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/এএল/এইচএ/১৮৪৫ ঘ.