রাজবাড়ী, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলায় বৃহস্পতিবার চরমপন্থীদের গুলিতে আহত এক ব্যক্তি রোববার ভোরে মারা গেছেন।
উড়াকান্দা বাজারের এ ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা চার জনে দাঁড়ালো।
নিহত জহিরউদ্দিন ফেরদৌস বরাট ইউনিয়ন পরিষদের সচিব এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কানিজ ফাতেমার ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চরমপন্থীদের গুলিতে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাসহ ৩ জন নিহত এবং দুজন গুলিবিদ্ধ হন।
নিহতরা হলেন বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম (৪৫), সহ-সভাপতি গোলাম মোহাম্মদ (৪০) এবং ইউনিয়ন পরিষদের দফাদার মো. সাঈদ (৫০)।
গুলিবিদ্ধ অপর ব্যক্তি হলেন বাচ্চু মোল্লা।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল রোববার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরপরই গুলিবিদ্ধ ফেরদৌসকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকাল সাড়ে ৬টায় তার মৃত্যু হয়।
মৃত্যুর খবর পেয়েই অসীম কুমার পাল, রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিসহ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৪০ ঘ.
bdnews24