২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা লাশ নয়, হত্যা করা হয়েছে

এক মহিলা ও এক শিশুকে হত্যা করে রেল লাইনের ওপর ফেলে রেখে ট্রেনে কাটা পড়ে নিহত বলে চালানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক মহিলা ও এক শিশুকে হত্যা করে রেল লাইনের ওপর ফেলে রেখে ট্রেনে কাটা পড়ে নিহত বলে চালানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ফরেনসিক বিশেষজ্ঞরা তাদের লাশের ময়না তদন্ত করে নিশ্চিত হয়েছেন, মহিলাকে জবাই ও শিশুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের এলেঙ্গা (যমুনা সেতুর কাছে) এলাকার রেল লাইন থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত পরিচয় ৩০/৩৫ বছরের এক মহিলা ও ৫/৬ বছরের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করে কমলাপুর রেল পুলিশ (জিআরপি)। ধারণা করা হচ্ছে, এরা দু'জন মা ও মেয়ে। কমলাপুর জিআরপি থানার উপ-পরিদর্শক নূর হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে কমলাপুর জিআরপি থানার অধীনের টাঙ্গাইলের এলেঙ্গার রেল লাইনের ওপর থেকে ট্রেনে কাটা ওই দু'টি লাশ উদ্ধার করা হয়। রেল পুলিশ দু'টি লাশ উদ্ধার করে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে সুরতহালে উল্লেখ করে। এরপর লাশ দু'টির ময়না তদন্ত করার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিশেষজ্ঞরা মহিলা ও শিশুর লাশের ময়না তদন্ত করে তাদের হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হন। এর মধ্যে মহিলাকে জবাই করে এবং শিশুকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করার আলামত পাওয়া গেছে। এ বিষয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/২১২৩ ঘ.