২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাল রক্তের কালো ব্যবসা, গ্রেপ্তার ২

রাজধানীর যাত্রাবাড়ীতে নামকাওয়াস্তে একটি ব্লাড ব্যাংকের খোঁজ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেখানে কাগজে-কলমে বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ টেকনিশিয়ান থাকলেও বাস্তবে কাউকে পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে নামকাওয়াস্তে একটি ব্লাড ব্যাংকের খোঁজ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেখানে কাগজে-কলমে বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ টেকনিশিয়ান থাকলেও বাস্তবে কাউকে পাওয়া যায়নি। অদক্ষ দু'জন কর্মীই রক্ত পরিসঞ্চালনসহ সব কাজ করতেন। এমনকি মাদকসেবীদের কাছ থেকেও নিয়মিত রক্ত নিয়ে বাইরে বিক্রি করতেন। বৃহস্পতিবার ভেজালবিরোধী অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত এ চিত্র দেখতে পায়। তারা অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ পরিবেশে রক্ত পরিসঞ্চালনের অভিযোগে লাইফ অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন নামের ওই ব্লাড ব্যাংককে চার লাখ টাকা জরিমানা ও দুই কর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন, কামরুল হাসান (২৯) ও রফিকুল ইসলাম সুমন (২৭)। তবে প্রতিষ্ঠানটির মালিক ফিরোজ পলাতক রয়েছেন। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আবুল হাশেমের সঙ্গে এ অভিযানে র‌্যাব-৪ এর সদস্যরাও ছিলেন। এএইচএম আনোয়ার পাশা বলেন, "প্রতিষ্ঠানটিতে নিয়মিতভাবে মাদকসেবীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হতো বলে গ্রেপ্তাররা স্বীকার করেছেন।" তিনি বলেন, "সেখানে অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ পরিবেশে রক্ত পরিসঞ্চালন করা হতো। কাগজে-কলমে বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ টেকনিশিয়ান থাকলেও বাস্তবে কাউকে পাওয়া যায়নি। গ্রেপ্তাররাই সব কাজ করতেন।" আনোয়ার আরও জানান, সেখানে রক্ত সংগ্রহের আগে কোনো প্রকার পরীক্ষা করা হতো না। এ ধরনের পরিস্থিতিতে যে কোনো সুস্থ ব্যক্তির দেহে এইডসসহ রোগের জীবাণু ঢোকার আশঙ্কা থাকে। রক্ত সংগ্রহের পর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে এসব রক্ত সরবরাহ করা হতো বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এএল/এসএইচ/এসকে/২৩২৯ঘ.