নাটোর, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোবাইল ফোন সেট ছিনতাই ও মাদক বেচা কেনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ও রাণীনগর গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক গ্রামবাসী।
বিক্ষুব্ধ লোকজন নাটোর-বগুড়া মহাসড়কে অবস্থান নেওয়ায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহত ভ্যান চালক হলেন- রাণীনগর গ্রামের মরু প্রামাণিকের ছেলে আহম্মদ আলী (৪০)। তার লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মোজাম্মেল হোসেন সাংবাদিকদের বলেন, মোবাইল ফোন সেট ছিনতাইয়ের ঘটনা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে তিনি জানান।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও এএসপি জানান, বুধবার বিকেলে সিংড়ার শেরকোল গ্রামের মাসুম, সুজন, মিঠু ও জাহাঙ্গীর হোসেন রাণীনগর গ্রামের সাদ্দামের একটি মোবাইল সেট ছিনতাই করে নিয়ে আসে। এ সময় রাণীনগর গ্রামের লোকজন ধাওয়া করলে তারা শেরকোল বাজারে আশ্রয় নেন।
বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংসদ জুনাইদ আহমেদ শেরকোলে এসে স্থানীয়দের নিয়ে সভা করেন। তিনি ওই গ্রাম ছেড়ে আসার কিছুক্ষণ পরে সকাল ১১টায় রাণীনগর গ্রামের আব্বাস আলী বাসে নাটোর থেকে শেরকোল বাসস্ট্যান্ডে এসে নামেন। তখন শেরকোল গ্রামের মাসুম, সুজন, মিঠু, আরিফ, মান্নান ও জাহাঙ্গীর হোসেন তাকে বেদম মারপিট করেন।
খবর পেয়ে রাণীনগর গ্রামের লোকজন লাঠিসোঠা নিয়ে শেরকোল বাজারে হামলা চালায়। এতে ঊভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে নাটোর থেকে এএসপি'র নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশের উপস্থিতি সত্বেও দুপক্ষের লোকজনের বেপরোয়া ইট নিক্ষেপ ও লাঠিসোঠা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলার কারণে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় বলে প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাটোর প্রতিনিধি জানান।
দুপুর সাড়ে ১২টার দিকে শেরকোল বাজারের একটি স'মিলের পাশে রাণীনগরের বাসিন্দা ভ্যানচালক আহম্মদ আলীর মৃতদেহ পাওয়া যায়। এতে পরিস্থিতির আরও অবনতি ঘটে। ক্ষুব্ধ লোকজন নিহত ভ্যানচালকের লাশ নাটোর-বগুড়া মহাসড়কের ওপর ফেলে রেখে সড়ক অবরোধ করে। এর ফলে বিকেলে পৌনে পাঁচটা পর্যন্ত ওই সড়কে কোন যানবাহন চলাচল করতে পারেনি।
শেরকোল সেতুর উভয় পাশে কয়েক হাজার বাস ট্রাক আটকা পড়ে। ভয়ে যাত্রীরা ছোটাছুটি করতে থাকলে অনেকেই সংঘর্ষকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন। অনেকেই যানবাহন ছেড়ে মালপত্র নিয়ে সরে যান। বিকেল ৫টায় অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও সড়ক মুক্ত করে।
এ ঘটনায় গুরুতর আহত আব্বাস আলী (৪২), মনির (১৮), আশরাফ (৩৫), নবীকে (৪৫) সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও হযরত, শফিকুল, জুলফুর, কুদ্দুস, আরিফ, ইসরাফিল, শাহনুর, সেন্টুসহ শতাধিক গ্রামবাসী আহত হন। আহতদের সিংড়া ও নাটোরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী রাণীনগরের বাসিন্দা ইদ্রিস হোসেন জানান, নিহত ভ্যানচালক আহম্মদ আলী তাঁর ছেলের জন্য ঔষুধ আনতে শেরকোল বাজারে গিয়েছিলেন। তিনি রাণীনগর গ্রামের বাসিন্দা হওয়ায় শেরকোলের লোকজন তাকে শাহনুরের স'মিলে আটকে রেখে শ্বাসরোধ করে এবং কিলঘুষি দিয়ে মেরে ফেলে।
তিনি অভিযোগ করেন, শেরকোলের কিছু যুবক এলাকায় ছিনতাই ও মাদক বেচাকেনা নিয়ন্ত্রণ করতেই এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
তবে শেরকোলের শাহনূর হোসেন বলেন, রাণীনগর গ্রাম মোবাইল ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের আখড়ায় পরিণত হয়েছে। তাদের কাছ থেকে চোরাই মোবাইল সেট উদ্ধার করতে গিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৯ ঘ.
bdnews24