নারায়ণগঞ্জ/গাজীপুর, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের গুটিকয়েক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে সড়ক ও জনপথ বিভাগ জিম্মি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মদনপুর এবং রূপগঞ্জের কাঞ্চন এলাকায় ঢাকা বাইপাস সড়ক পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।
গত ১৪ মাসেও নারায়ণগঞ্জের মদনপুর-গাজীপুর ভায়া কাঞ্চন-ঢাকা বাইপাস সড়কের সংস্কার কাজ শেষ না হওয়ায় মন্ত্রী দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি অসন্তোষ প্রকাশ করে এ কথা বলেন।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, ৪৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস সড়কটির তিনটি অংশ সংস্কারে ওটি বিএল এবং বিডিসিএল নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০০৮ সালের ২০ জুন কার্যাদেশ পায়।
৬১ কোটি টাকা ব্যয়ে রাস্তা মেরামতের এ কাজ শেষ হওয়ার কথা ছিল এ বছরের জুন মাসে। কার্যাদেশ পাওয়ার ১৪ মাস পেরিয়ে গেলেও সিকিভাগ কাজও শেষ হয়নি।
যোগাযোগমন্ত্রী বলেন, "চার মাস আগে এ সড়ক পরিদর্শনে এসে যে অবস্থায় দেখেছি, আজও সে অবস্থায় পড়ে আছে।"
তিনি বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশ ঢাকা শহরের যানজট নিরসন করতে আগামী এক মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করতে হবে। কিন্তু আজ পরির্দশনে এসে দেখা যাচ্ছে কাজ শেষ হতে আরো কমপক্ষে ৫/৬ মাস সময় লাগবে। সে অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।"
মন্ত্রী ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যাপারে বলেন, "তারা ইচ্ছাকৃত ভাবে বিলম্ব করেছে না কি তাদের ভাষায় অহেতুক হয়রানি করার কারণে কাজে বিলম্ব হয়েছে তা খতিয়ে দেখা হবে।"
ঠিকাদারি প্রতিষ্ঠান বিডিসিএল এর চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদক একটি টাস্কফোর্স গঠন করে ঠিকাদার ও প্রকৌশলী অহেতুক হয়রানি করেছে। এ কারণে কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় পাথর সংকটের কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি।
আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেন ঠিকাদার প্রতিষ্ঠানটি।
বাইপাস সড়ক পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মুন্সী মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত প্রকৌশলী সাহাবুদ্দিন, নারায়ণগঞ্জ অঞ্চলের প্রকৌশলী আব্দুর সবুর প্রমুখ।
গাজীপুর: যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, টঙ্গীর ফ্লাইওভার চালু হলে এ এলাকার যানজট দূর হবে। ডিসেম্বরে ফ্লাইওভারটি চালু হবে বলে তিনি জানান।
মন্ত্রী সোমবার দুপুরে গাজীপুরের টঙ্গী-কালীগঞ্জ সড়কে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজের অগ্রগতি দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন।
সড়ক ও জনপথ বিভাগ ৫৫০ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মাণ করছে। এর ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৩ লাখ টাকা। ২০০৬ সালের ১৬ মার্চ এ ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়।
সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মুন্সী মোস্তাফিজুর রহামান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও উন্নয়ন) রেজাউল করিমসহ যোগাযোগ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৭ ঘ.
bdnews24