সাভার, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পূর্ব ঘোষণা ছাড়াই সাভারের রাজফুলবাড়িয়ার ভড়ারি এলাকার একটি সূতা কারখানা রোববার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
প্রথম রোজায় স্কাইলার্ক নীট কম্পোজিট লিমিটেড নামের কারখানাটি বন্ধ করে দেওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছেন কারখানার পাঁচ শতাধিক শ্রমিক।
কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে তালা ঝুলতে দেখেন। কোনো ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ দেখে শ্রমিকরা বিস্মিত। কয়েকজন শ্রমিক থানায় এসে বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্যাহকে জানান। ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে পুলিশের দুটি দল দ্রুত ওই কারখানায় ছুটে যায়।
কারখানার ব্যবস্থাপক মো. শাহেদুজ্জামানের বরাত দিয়ে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কার্যাদেশ না থাকায় কর্তৃপক্ষ কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
কর্তৃপক্ষ চলতি মাসের বকেয়া বেতন ১৫ সেপ্টেম্বর পরিশোধ করার আশ্বাস দিয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, কোনো ঘোষণা ছাড়াই মালিক পক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। এ কারণে ঈদ সামনে রেখে পরিবার পরিজন নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
অবিলম্বে কারখানা খুলে দেওয়ার দাবি জানান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪৩ ঘ.
bdnews24