আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত খাদ্য আমদানির সিদ্ধান্ত নিলে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের কৃষি অর্থনীতিবিদরা।
আমনের ফলন ভালো না হলে বাংলাদেশেও এর প্রভাব পড়বে বলে তারা মনে করছেন।
কৃষি অর্থনীতিবিদরা বলেছেন, বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ ভারত খাদ্য আমদানির সিদ্ধান্ত নিলে সারা বিশ্বে আতংক ছড়িয়ে পড়বে। এতে বাজারে খাদ্যপণ্যসহ অন্য সব নিত্যপণ্যের দামও বেড়ে যেতে পারে।
তবে খাদ্য সচিব মোখলেছুর রহমান জানিয়েছেন, দেশে বর্তমানে সাড়ে ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। আমনের ফলন ভালো হলে দেশে খাদ্যসংকটের কোনো আশংকা নেই।
এ ব্যাপারে জানতে শনিবার সন্ধ্যায় টেলিফোনে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি শুক্রবার বিবিসিকে বলেছেন, খরায় শস্য উৎপাদন ব্যাহত হওয়ায় ঘাটতি মেটাতে খাদ্য আমদানি করা হবে।
এবার বর্ষা মৌসুমে বৃষ্টি কম হওয়ায় ভারতের প্রায় অর্ধাংশে খরা চলছে। এতে ধান, সয়াবিন, আখ ও তুলা উৎপাদন বেশ ব্যাহত হয়েছে।
প্রণব মুখার্জি বলেন, মজুদ বাড়াতে সরবরাহ কম রয়েছে এমন যে কোনও খাদ্যপণ্য আমদানি করা হবে।
তবে কখন এবং কী কী খাদ্য পণ্য আমদানি করা হবে, তা স্পষ্ট করেননি তিনি।
শনিবার বিকেলে কৃষি অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারত খাদ্য আমদানির সিদ্ধান্ত নিলে সারা বিশ্বে আতংক ছড়িয়ে পড়বে।
"কেননা ভারত বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য রপ্তানিকারক দেশ। সেই দেশের সরকার খরা বা অন্য যে কোনো কারণেই হোক না কেনো খাদ্য আমদানির সিদ্ধান্ত নিলে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়বে।"
তিনি আরও বলেন, "আতংকে খাদ্য মজুদ বাড়াতে বিভিন্ন দেশ অন্য রপ্তানিকারক দেশ থেকে খাদ্য আমদানি করার জন্য হুমড়ি খেয়ে পড়বে। আর এতে খাদ্যপণ্যের দাম আবার বেড়ে যাবে।"
২০০৭-০৮ অর্থবছরের কথা স্মরণ করিয়ে দিয়ে আসাদুজ্জামান বলেন, "ওই সময় বিশ্বে খাদ্য উৎপাদন কম হওয়ায় আন্তর্জাতিক বাজারে চাল, গমসব প্রায় সব ধরনের পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায়। বাংলাদেশেও এর প্রভাব পড়ে।
তিনি জানান, তখন আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশেও চাল, আটা, ডাল, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে থাকে।
আসাদুজ্জামান বলেন, "ওই অস্বাভাবিক পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আমাদের এখনই সতর্ক হতে হবে। সার্বিক পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে আগে থেকেই খাদ্য আমদানি করে রাখতে হবে।
"তবে এক্ষেত্রে আমাদের একটি বড় সমস্যা হচ্ছে গুদাম সঙ্কট। এ কারণে আমরা নিজেদের উৎপাদিত পণ্যই মজুদ রাখতে পারছি না। এর ফলে অনেক পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়টিও বিবেচনায় রেখে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।"
তিনি বলেন, "ভারতের মতো আমাদের এখানেও এবার খরা দেখা দিয়েছিল। এ কারণেই সারা দেশে আমনের আবাদ দেরিতে শুরু হয়েছে। তবে এখন বৃষ্টি হচ্ছে।
"দেরিতে হলেও কৃষক পুরোদমে আমনের আবাদ শুরু করে দিয়েছে। সব কিছুই এখন নির্ভর করছে আমনের ফলনের ওপর।
"এর ফলন মোটামুটি ভালো হলে চালের ক্ষেত্রে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। তবে অন্যান্য খাদ্যপণ্যের ক্ষেত্রে (যেগুলো আমরা ভারত থেকে আমদানি করি-ডাল, পেঁয়াজসহ অন্যান্য পণ্য) সমস্যা হতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।"
২০০৭ সালের মাঝামাঝি সময় থেকে ২০০৮ সালের মাঝামাঝি পর্যন্ত আন্তর্জাতিক বাজার ছিল খুবই চড়া। এ সময়ে সব ধরনের খাদ্যপণ্যের দাম কয়েকগুন বেড়ে যায়। ৩০০ ডলারের প্রতি টন চালের দাম বেড়ে এক হাজার ডলার ছাড়িয়ে যায়।
ওই সময় ভারত সরকার চাল রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে। সারা বিশ্বে তীব্র খাদ্যসংকট দেখা দেয়। সেইসঙ্গে দেখা দেয় আতংক।
তখন বাংলাদেশের পরিস্থিতি ছিল আরও নাজুক। খাদ্য সংকটের ওই সময়ই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড় 'সিডর'। এর আঘাতে সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়। এর পর দেখা দেয় পর পর দু'দফা বন্যা।
সব মিলিয়ে বড় ধরনের খাদ্যসংকটের মুখে পড়ে দেশ। মোটা চালের কেজি বেড়ে দাঁড়ায় ৩৮ থেকে ৪০ টাকা। প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি হয় ১৪০ টাকায়।
ভারতের খাদ্যপণ্য আমদানির চিন্তা-ভাবনার বিষয়ে খাদ্য সচিব মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের তেমন সমস্যা হবে না। বর্তমানে আমাদের সাড়ে ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে।
"এটা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। ভারতে খরা দেখা দিলেও আমাদের এখানে তার প্রভাব পড়েনি। দেরিতে হলেও আমনের আবাদ শুরু হয়েছে।"
তিনি আশা প্রকাশ করে বলেন, গত বোরো ও আমন মৌসুমের মতো এবারও আমনের বাম্পার ফলন হবে। সেটা হলে আর কোনো সমস্যা হবে না।
তবে বন্যা বা অন্য কোনো কারণে আমনের ফলন ব্যাহত হলে সমস্যা দেখা হতে পারে বলে জানান খাদ্য সচিব।
পুরান ঢাকার বৃহত্তম পাইকারি বাজার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ গোলাম মওলা জানান, দেশে পর্যাপ্ত চাল মজুদ থাকায় এখন ভারত থেকে কোনো চাল আমদানি করা হচ্ছে না।
তিনি বলেন, আমনের ফলন ভালো হলে কোনো দেশ থেকেই চাল আমদানির প্রয়োজন হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/২১১৫ ঘ.
bdnews24