ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসীদের দ্রুত বাংলাদেশে অর্থ পাঠানোর জন্য 'স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ কোম্পানি' লন্ডনে তাদের প্রথম শাখা চালু করেছে।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদুর রহমান খান বৃহস্পতিবার শাখাটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বলে হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে।
এ শাখাটি চালুর পর বাংলাদেশের যে কোন প্রান্তে ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে অর্থ পৌঁছানোর নিশ্চয়তা দিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড কোম্পানি কর্তৃপক্ষ। স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ কোম্পানি হলো স্ট্যান্ডার্ড ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিষয়ক কোম্পানি।
শাখাটি উদ্বোধনের পর হাইকমিশনার বলেন, "এ ধরনের প্রতিষ্ঠান যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের সেবা দেবে। যুক্তরাজ্য বাংলাদেশের পঞ্চম বৃহত্তম রেমিটেন্স সরবরাহকারী দেশ। তাই যুক্তরাজ্য থেকে সহজে অর্থ পাঠানো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।"
স্টান্ডার্ড ব্যাংক বাংলাদেশে গ্রহীতা পর্যায়ে নিরবচ্ছিন্ন রেমিটেন্স প্রবাহের বিষয়টি নিশ্চিত করবে বলেও হাইকমিশনার আশা প্রকাশ করেন।
ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামুদ্দিন আহম্মেদ এবং ব্যবস্থাপনা পরিচালক এসএ ফারুকী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/০০৩০ ঘ.
bdnews24