২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধিমালা না মেনে নির্মিত ভবন ভাঙা হবে না, জানালেন মন্ত্রী

ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে বহুতল ভবন নির্মাণ করা হলেও বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতো এগুলো ভাঙার মতো কোনো পদক্ষেপ সরকার নেবে না। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, "বিল্ডিং কোডে ভবন ভাঙার মতো কোনো ধারা নেই। তাই আমরা এগুলো ভাঙতে যাব না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে বহুতল ভবন নির্মাণ করা হলেও বিগত তত্ত্বাবধায়ক সরকারের মতো এগুলো ভাঙার মতো কোনো পদক্ষেপ সরকার নেবে না। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, "বিল্ডিং কোডে ভবন ভাঙার মতো কোনো ধারা নেই। তাই আমরা এগুলো ভাঙতে যাব না। "বিল্ডিং কোড না মেনে কেউ যদি স্থাপনা নির্মাণ করে সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোড অনুযায়ী আইনী পদক্ষেপ নেব।" বিধিমালা অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষেরও 'অবৈধ' ভবন ভাঙার এখতিয়ার নেই বলে দাবি করেন আব্দুল মান্নান খান। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে বিধিমালা না মেনে নির্মিত কয়েক হাজার 'অবৈধ' ভবন ভাঙা হয়েছিল। এ ব্যাপারে মন্ত্রী বলেন, "আমরা আগের মতো অত্যুৎসাহী হয়ে সবকিছু ভাঙতে যাবো না। এটি গণতান্ত্রিক সমাজ, উন্মাদদের দেশ নয়। জনগণের আকাক্সক্ষা অনুযায়ীই আমরা কাজ করবো।" রাজধানীসহ সারাদেশেই একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে নির্মাণ আইন ভঙ্গ করে ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। খোদ রাজধানীতেই অবৈধভাবে বছরের পর বছর ধরে বহুতল ভবন র‌্যাংগস ভবন গড়ে তোলা হয়। বিভিন্ন পর্যায়ে দীর্ঘ আইনী জটিলতার পর আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকারের সময় তার অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/১৯২৫ঘ.