২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় বিমান দুর্ঘটনার তদন্ত চলছে

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জেট এয়ারওয়েজের বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে সিভিল এভিয়েশনের তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 05:33 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা আগষ্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জেট এয়ারওয়েজের বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে সিভিল এভিয়েশনের তদন্ত কমিটি। চার সদস্যের তদন্ত কমিটির প্রধান উইং কমান্ডার কামরুল ইসলাম সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আজ বিমানটির পাইলট, কো-পাইলট ও স্টুয়ার্ডদের সাক্ষ্য নিয়েছি। এখন প্রকৌশলীরা বিমানটির বিভিন্ন কারিগরি দিক খতিয়ে দেখছেন।" বিমানটির খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, প্রকৌশলীরা পরীক্ষা-নীরিক্ষার পর 'ওকে' করলে বিমানটি রাতেই ঢাকা ছেড়ে যেতে পারে। কামরুল ইসলাম আরো বলেন, "এটি ছোট একটি দুর্ঘটনা বলে শাস্তির তুলনায় কারণ খুঁজে বের করাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ জানা থাকলে তা ভবিষ্যতে এ ধরণের ঘটনা এড়াতে সহায়ক হবে।" তদন্ত শেষে প্রতিবেদনের একটি কপি ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকেও পাঠানো হবে। প্রতিবেদন জমা দিতে ১০ দিনের মতো সময় প্রয়োজন হতে পারে বলেও জানান কামরুল ইসলাম। সোমবার সকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ভারতীয় বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজের বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়লে দেশের প্রধান এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। ২৭১ নম্বর ফ্লাইটটি হ্যাঙ্গার বে থেকে বেরিয়ে ঘুরতে গিয়ে ছিটকে রানওয়ের পাশের ঘাসের মধ্যে চলে যায়। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর দেড়টার দিকে আবার ফ্লাইট চালু হয় জিয়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এসকে/২১১৮ঘ.