২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই ৩২ হাজার খালি পদে নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই স্বাস্থ্য খাতের ৩২ হাজার শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিগগিরই স্বাস্থ্য খাতের ৩২ হাজার শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, "স্বাস্থ্য খাতের শূন্য পদগুলোতে নিয়োগের জন্য প্রধানমন্ত্রী আমাকে লিখিত অনুমতি দিয়েছেন। এই খালিপদগুলোতে শিগগিরই নিয়োগ দেওয়া হবে। বর্তমানে প্রতি ছয় হাজার মানুষের জন্য দুই থেকে তিনজন স্বাস্থ্যকর্মী আছে। পর্যায়ক্রমে এটি পাঁচ-ছয় জন করা হবে বলে জানান তিনি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ওই আলোচনা সভার আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১০ হাজার স্যাটেলাইট ক্লিনিক চালু রয়েছে। পর্যায়ক্রমে আরো সাত হাজার ক্লিনিক চালুর ব্যবস্থা করা হবে। সমন্বিতভাবে কাজ করলে গ্রাম পর্যায়েও ভাল স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজে গতি ফিরিয়ে আনতে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান মন্ত্রী। অন্যদের মধ্যে স্থানীয় সাংসদ মোস্তাফা জালাল মহিউদ্দিন এবং স্বাচিপ মহাসচিব ইকবাল আর্সলান আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এএল/এসকে/২২০০ঘ.