২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান নিয়োগ বাতিল হওয়া এসআই-সার্জেন্টরা

অনিয়মের অভিযোগে বাতিল হওয়া পরীক্ষায় উত্তীর্ণ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও সার্জেন্ট পদপ্রার্থীরা নিয়োগ পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনিয়মের অভিযোগে বাতিল হওয়া পরীক্ষায় উত্তীর্ণ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও সার্জেন্ট পদপ্রার্থীরা নিয়োগ পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। আত্মাহুতি দেওয়ার পূর্বনির্ধারিত দিন শনিবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনরত প্রার্থীরা বলেন, তাদের সরকারি চাকরির বয়সসীমা পার হয়ে গেছে। নিয়োগ না পেলে পরিবার পরিজন নিয়ে মারা যেতে হবে। নিয়োগের দাবিতে গত ২ আগস্ট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত এই চাকরিপ্রার্থীরা আত্মাহুতি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। অনশনকারীদের মুখপাত্র আশরাফুল আলম বলেন, কয়েকজন 'নেতৃস্থানীয়' ব্যক্তির আশ্বাসে আত্মাহুতির সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। তিনি জানান, ইতোমধ্যেই কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারীরা ২০০৫ সালের ১৭ নভেম্বর ঘোষিত নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছিলেন। স্বাস্থ্য ও লিখিত পরীক্ষার পরে ২০০৬ এর ২০ অক্টোবর ফল প্রকাশিত হয়। চূড়ান্ত নিয়োগের জন্যে মোট ৭৫৭ জনকে বাছাই করা হয়েছিল। ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ২০০৭ সালের ১১ ফেব্র"য়ারি ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়। এরপর থেকেই নিয়োগ বাতিল হওয়া চাকরি প্রার্থীরা আন্দোলন করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এসকে/