গাজীপুর, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না দেওয়ায় ন্যাশনাল ব্যাংকের জয়দেবপুর শাখার এক কর্মকর্তা শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের হাতে মারাত্মক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে পুলিশ বলেছে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হামলা চালানো হয়।
মুমূর্ষু অবস্থায় আহত জহিরুল ইসলামকে রাজধানীর কমফোর্ট ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান তার স্ত্রী নূরে তাজ ইসলাম। নূরে তাজ নিজেকে আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাগ্নী বলে দাবি করেন। তাদের বাড়ি ভোলা জেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের চোরালিয়া গ্রামে।
নূরে তাজ ইসলাম জানান, দুপুরে জহিরুল ইসলাম জয়দেবপুর বাজারে যাওয়ার সময় শওকত হোসেন সাকু নামের স্থানীয় সন্ত্রাসী তাকে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে প্রচণ্ড মারধর করে পশ্চিম জয়দেবপুরের তাদের ভাড়া বাসার সামনে ফেলে রেখে যায়।
তিনি বলেন, জয়দেবপুরের মারিয়ালি এলাকার নিয়ামত সড়কের তাদের কেনা জমিতে গত ফেব্র"য়ারি মাসে সীমানা প্রাচীর নির্মাণের সময় সন্ত্রাসীরা জহিরুলের কাছে প্রথমে এক লাখ এবং পরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তখন টাকা না দিলে এক সপ্তাহ পর আবারও টাকা দাবি করে। না দিলে মেরে ফেলার হুমকি দেয়। কিন্তু টাকা না পেয়ে গত ৫ আগস্ট সন্ত্রাসীরা তাদের বাউন্ডারি প্রাচীর ভেঙে ফেলে।
এ ঘটনায় ৬ আগস্ট জহিরুল ইসলাম জয়দেবপুর থানায় স্থানীয় শওকত হোসেন সাকুর বিরুদ্ধে সাধারণ ডায়রি এবং ১১ আগস্ট র্যাব-১ এর কাছে অভিযোগ দায়ের করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এখনও মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০৩১ ঘ.
bdnews24