২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়তে বিশেষ কর্মসূচি আসছে

জাতীয় শোক দিবসে জঙ্গি তৎপরতা ও নাশকতা রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 06:14 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)---জাতীয় শোক দিবসে জঙ্গি তৎপরতা ও নাশকতা রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে বিশেষ কর্মসূচি নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে 'জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার' সংক্রান্ত কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ১৫ আগস্ট সম্ভাব্য জঙ্গি হামলা রোধে সরকার কোনও ব্যবস্থা নিয়েছে কিনা জানতে চাইলে শামসুল হক টুকু বলেন, "সব ধরনের ব্যবস্থা আছে, ইনশাল্লাহ।" সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণের মধ্যে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে। এ ঘৃণার আগুনে যাতে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ছারখার হয়ে যায়।" জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে আসন্ন রমজানে তারাবি নামাজ ও জুমার নামাজের পরে বিশেষ কর্মসূচি নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। স্কুল-কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমে এ সংক্রান্ত প্রচারণা চালানো হবে বলে উল্লেখ করেন তিনি। আইন-শৃঙ্খলা বাহিনী সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করে যাচ্ছে জানিয়ে শামসুল হক বলেন, "জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও সচেতনতা তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ মোর্চা গড়ে তুলতে হবে।" আন্তর্জাতিক জঙ্গিবাদের কারণে বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, "ঝুঁকি থেকে উত্তরণই আমাদের দায়িত্ব। দেশি-বিদেশি সন্ত্রাসীদের বিরুদ্ধে সতর্ক দৃষ্টি রয়েছে আমাদের। এজন্যই ইতোমধ্যে অনেকে ধরা পড়েছে।" সভায় স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার ছাড়াও এনএসআই, ডিজিএফআই, আনসার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিডিআর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা হয়। এসভায় চলমান অভিযানের পাশাপাশি জঙ্গিবাদ দমনে স্বল্পমেয়াদী ছয়টি কর্মকৌশল নেওয়া হয়। এছাড়া মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী কৌশল রয়েছে বলে জানিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ। জঙ্গিবাদ দমনে গত ২০ এপ্রিল স্বরাষ্ট্র, আইন, সমাজকল্যাণ, ধর্ম, তথ্য, শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সম্পৃক্ত করে ১৭ সদস্যের ওই কমিটি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২৩৫৫ঘ.