ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আসন্ন রোজার মাসে বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় সর্বোচ্চ চাহিদার সময় (পিক আওয়ার) শিল্প কারখানায় গ্যাস সরবরাহ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে রমজানে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং ইফতার, সেহরি ও তারাবিহর নামাজের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য এক আন্ত ঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রমজানে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪২০০-৪৫০০ মেগাওয়াট। শিল্প কারখানায় ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমিয়ে ২০০-৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের চিন্তাভাবনা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, রমজানে মাসে বিদ্যুতের গড় উৎপাদন হবে প্রায় ৪২০০ মেগাওয়াট। এ সময় বিদ্যুৎ উৎপাদনের জন্য পিক আওয়ারে গ্যাসের সরবরাহ বাড়ানো হবে। একই সঙ্গে গ্যাস ছাড়া অন্যান্য জ্বালানি দিয়ে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সর্বোচ্চ করা হবে।
সভায় রমজান মাসে শপিং মল ও দোকানপাট বিদ্যমান আইন অনুসারে রাত ৮টার মধ্যে বন্ধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশিষ্টদের অনুরোধ জানানো হয়। তাছাড়া শিল্প এলাকায় 'হলিডে স্ট্যাগারিং' (বিভিন্ন দিন ছুটি) ব্যবস্থা চালু এবং রমজান মাসে পিক আওয়ারে শিল্প কারখানায় গ্যাস ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানানো হয়।
সভায় প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে সচেতনতা বাড়ানো এবং অপচয় রোধে আলোকসজ্জা পরিহারের জন্য সবাইকে অনুরোধ জানান।
এছাড়া বৈঠকে তিনি ইফতার, সেহরি ও তারাবির সময় লোডশেডিং 'সর্বনিু ও সহনীয় পর্যায়ে' রাখার জন্য নির্দেশ দেন।
বৈঠকে প্রধামন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উপদেষ্টা ও প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ ৫০ মিলিয়ন ঘনফুট কমানো গেলে রমজানে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যাবে।
এছাড়া জ্বালানি সচিব মোহাম্মদ মহসীন, বিদ্যুৎ সচিব মো. আবুল কালাম আজাদ, পিডিবি, আরইবি, পেট্রোবাংলা ও বিসিআইসির চেয়ারম্যান, শিল্প, বাণিজ্য, স্বরাষ্ট্র, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি সভায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২২৩১ঘ.
bdnews24