ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচার মামলায় সোমবার মো. মুরাদ হোসেন নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মুরাদ রাজধানীর দিলকুশার 'দোহার মানি এক্সচেঞ্জ'র সত্ত্বাধিকারী।
সোমবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক এ এন এম বশির উল্লাহ মুরাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২১ অক্টোবর রাত ১০টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় র্যাব সদস্যরা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১ কোটি ১১ লাখ টাকাসহ চালক জামাল মোল্লাকে আটক করে। এসময় জামাল মোল্লা জানান, দোহার মানি এক্সচেঞ্জের মালিক মুরাদ হোসেনের নির্দেশে ওই টাকা বিদেশে পাঠানোর জন্য তিনি জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে নিয়ে যাচ্ছিলেন।
এদিকে, ৪২ লাখ টাকা আত্মসাতের দায়ে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বাংলাদেশ নিরাপত্তা মুদ্রণালয় অফিস, মুদ্রণ লেখন সামগ্রী ফরম ও প্রকাশনা অধিদপ্তরের সহকারী নিয়ন্ত্রক (প্রেস) মোল্লা মোশারফ হোসেন একই আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
২০০৬ সালের ২১ জুন মামলাটি দায়ের করা হয়।
মামলার অপর আসামি হচ্ছেন একই প্রতিষ্ঠানের সহকারী নিয়ন্ত্রক মোহাম্মদ কুদ্দুস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/২২৩০ ঘ.
bdnews24