শেরপুর, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নি সংযোগ, লুটপাট ও নির্যাতনের অভিযোগে আলবদর ও রাজাকার বাহিনীর ১০ সদস্যের বিরুদ্ধে শেরপুরের হাকিম আদালতে সোমবার একটি মামলা হয়েছে।
মামলাটি করেছেন শ্রীবরদী উপজেলার জলঙ্গা মাধবপুর গ্রামের জহুরুল ইসলাম।
হাকিম মোহাম্মদ ইকবাল বাহার মামলাটি আমলে নিয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- আব্দুর রহমান (৬২), আব্দুল মজিদ (৬৩), বিল্লাল হোসেন (৬০), মাইনুল হোসেন (৬৫), তোফাজ্জল হোসেন (৬০), শামছুল হুদা (৫১), আব্দুর রাজ্জাক মজনু (৬৩), হানিফ তালুকদার (৬২), শহীদ খলিফা (৬৫) ও হাসেম তালুকদার (৬২)।
বাদির আইনজীবী গোলাম মোহাম্মদ বাবুল সাংবাদিকদের জানান, মুক্তিযুদ্ধ চলাকালে ওই ১০ জন ১৯৭১ সালের ১০ অক্টোবর পাক হানাদার বাহিনীর সহায়তায় ভায়াডাঙ্গা এলাকায় মুক্তিযোদ্ধাদের ঘর-বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ঘরের মালপত্র লুটপাট করে। একই সময়ে তারা মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদকে ধরে নিয়ে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪১০ ঘ.
bdnews24