নরসিংদী, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রাণের পণ্যবাহী একটি কাভার্ড ভ্যানের চাপায় শ্রমিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নরসিংদীর ঘোড়াশালে প্রাণ ফুড ইন্ডাস্ট্রির কারখানায় হামলা ও ভাঙচুর হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জুট মিলের সামনে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন মিলের শ্রমিক আনোয়ার উল্লাহ (৩৫)। তার বাড়ি নরসিংদী সদর উপজেলার ভূইয়ম এলাকায়।
হামলাকারীরা লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন প্রাণের কর্মকর্তারা।
নরসিংদীর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) বিজয় বসাক জানান, আনোয়ার সকালে বাড়ি থেকে কাজে যোগ দিতে আসেন। কারখানার সামনে পৌঁছানোর পর প্রাণ এগ্রিকালচার মার্কেটিং কোম্পানির পণ্য পরিবহনের জন্য ভাড়া করে আনা একটি কাভার্ড ভ্যান (বগুড়া ট-০৫-০০০৩) আনোয়ারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রাণ ফুড ইন্ডাস্ট্রির মহাব্যবস্থাপক (জিএম) নূর ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টা ২০ মিনিটে আমাদের ভাড়া করা একটি কাভার্ড ভ্যান বাংলাদেশ জুট মিলের একজন শ্রমিককে চাপা দেয়।"
তিনি অভিযোগ করেন, এ ঘটনায় জুট মিলের ১০/১২ হাজার শ্রমিক অতর্কিতে প্রাণফুড ইন্ডাষ্ট্রিতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও কারখানার উৎপাদিত পণ্য লুট করে। তারা ৩৫টি কাভার্ড ভ্যান ও ট্রাক ভাঙচুর করে এবং কারখানার শ্রমিকদের দুই শতাধিক বাইসাইকেল লুট করে নিয়ে যায়।
এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে নূর ফেরদৌস দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ জুট মিলের শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক আক্তারজ্জামান বলেন, "জুট মিল শ্রমিকরা প্রাণ ফুডে পৌঁছার আগেই এলাকাবাসী হামলা ও ভাঙচুর করেছে।"
এএসপি বিজয় বসাক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।
এ ঘটনায় পলাশ থানায় মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24