নারায়ণগঞ্জ, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে জ্বালানি গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে রোরবার সকালে সদর উপজেলার কাশিপুর হাটখোলা এলাকায় জনতা ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা অবরোধের সময় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অসংখ্য যানবাহন আটকে পড়ে। জনদুর্ভোগ চরমে পৌঁছে। হাজার হাজার মানুষ পায়ে হেটে দীর্ঘ পথ অতিক্রম করে।
প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সকাল ৮টা থেকে কাশিপুর হাটখোলা এলাকায় লোকজন জড়ো হতে থাকে। সকাল ৯টায় বিক্ষুদ্ধ জনতা ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে হাটখোলার মোড় থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত ১০টি পয়েন্টে রাস্তায় শুয়ে, বসে, গাছের গুঁড়ি, পাইপ, ইটের স্তপ ফেলে, এলোপাতাড়ি বাস ছড়িয়ে রেখে ব্যরিকেড সৃষ্টি করে।
এ সময় তারা গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।
অবরোধ চলাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কাশিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মমিন শিকদার, এনামুল হক, সাজ্জাদুর রহমান, হোসেন আলী বেপারী প্রমুখ।
বক্তারা ঘোষণা দেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহের নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তারা অবরোধ তুলে নেবে না।
বিপুল সংখ্যক গৃহবধূও সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেন।
গৃহবধূ সালমা বেগমের অভিযোগ, দিনের পর দিন গ্যাস সংকটের কারণে তাদের পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্কুলগামী সন্তানদের, অফিসগামী স্বামীর জন্য সকালের নাস্তা তৈরি করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। দুপুরের ও রাতের খাবার তৈরি করতেও তাদের হিমশিম খেতে হয়।
আব্দুল করিমসহ আরও কয়েকজন এলাকাবাসীর জানান, নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর কাশিপুর, ভোলাইল, হাটখোলা, খিলমার্কেট, চর সৈয়দপুর, গোপচর, বাবুরাইল, দেওভোগ, পাইকপাড়া প্রভূতি এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস সংকট চলছে।
গত কয়েক মাস যাবত সকাল ৭টার পর থেকে গ্যাসের চাপ কমতে থাকে। সকাল ৯টার পর গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভোররাত ৩টায় গ্যাস সরবরাহ চালু হয় বলে তারা দাবি করেন।
এলাকাবাসীর অভিযোগ, শিল্পকারখানাগুলো আট ইঞ্চি ব্যাসের পাইপ ব্যবহার করার কথা। কিন্তু তারা আবাসিক গ্রাহকের মতো চার ইঞ্চি ব্যাসের পাইপ ব্যবহার করে থাকে। ফলে গ্যাস সংকট আরো তীব্র হয়ে উঠেছে। রহস্যজনক কারণে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না।
দুপুর ১২টার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ তিতাস গ্যাস কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে যান।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ কার্যালয়ের মহা-ব্যবস্থাপক আমির আহমেদ আশ্বাস দেন, "সোমবার থেকেই যাতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয় সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি বলেন, "চার ইঞ্চি ব্যাসের পাইপ ব্যবহার করে এরকম ১১টি শিল্পকারখানা চিহ্নিত করা হয়েছে। তাদের রোববারই নোটিশ দেওয়া হচ্ছে। আট ইঞ্চি ব্যাসের পাইপ ব্যবহার না করলে এসব শিল্পকারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
তিতাস কর্মকর্তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে জনতা ব্যারিকেড প্রত্যাহার করে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪২ ঘ.
bdnews24