সাতক্ষীরা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর নামক স্থানে রোববার সকালে এক হাজার ৭৯১ বোতল ফেনসিডিলসহ একটি পাজেরো আটক করেছে বিডিআর। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারা।
বিডিআর ৪১ রাইফেলস ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর শামীম রেজা জানান, দেবহাটা উপজেলার কুলিয়া সেতু এলাকা হয়ে একটি পাজেরোতে করে ঢাকায় ফেনসিডিল পাচার হচ্ছে- এমন খবর পেয়ে বিডিআর এর একটি টহল দল সেখানে অবস্থান নেয়।
তিনি জানান, গাড়িটি ঘটনাস্থলে আসার পর থামার নির্দেশ দেয় বিডিআর সদস্যরা। নির্দেশ অমান্য করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে বিডিআর সদস্যরা ধাওয়া করে। ধাওয়ার মুখে চোরাকারবারীরা সাতক্ষীরা-আশাশুনি সড়কের চাঁদপুর নামক স্থানে গাড়িটি (ঢাকা মেট্রো ঘ ০২-১০৬২) ফেলে রেখে পালিয়ে যায়। বিডিআর পাজেরোটি তল্লাশি করে কার্টুনে ভর্তি এক হাজার ৭৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
মেজর শামীম রেজা জানান, আটক পাজেরো সাতক্ষীরা কাষ্টমস এবং ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৫ ঘ.
bdnews24