২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ট্রলারসহ সাত জেলেকে অপহরণ

বঙ্গোপসাগরের পদ্মা ও টেকদিয়ার মাঝামাঝি বনেরচর নামক স্থান থেকে বৃহস্পতিবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার সাত জেলেকে ট্রলারসহ জলদস্যুরা অপহরণ করে নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

বরগুনা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরের পদ্মা ও টেকদিয়ার মাঝামাঝি বনেরচর নামক স্থান থেকে বৃহস্পতিবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার সাত জেলেকে ট্রলারসহ জলদস্যুরা অপহরণ করে নিয়ে গেছে। এ সাত জেলে হলেন- উপজেলার রুহিতা গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩২), পদ্মা গ্রামের ফোরকান (৩০), আবদুল হক (২৫), তাফালবাড়িয়ার ইলিয়াস হোসেন (২৮), হারুন অর রশিদ (৩০), দক্ষিণ চরদুয়ানীর বাবুল (৩৩) ও আবদুল মালেক (৩০)। শুক্রবার দুপুরে তাফালবাড়িয়া গ্রামের ট্রলার মালিক ইউসুব আলী মাতুব্বর জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জলদস্যু আব্বাস বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। দস্যুরা মোবাইল ফোনে তার কাছে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ চেয়েছে বলে তিনি দাবি করেন। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী অভিযোগ করেন, উপকূলরক্ষী বাহিনী- কোস্ট গার্ড ঠিকমত দায়িত্ব পালন না করায় বার বার জেলে অপহরণের ঘটনা ঘটছে। পাথরঘাটা কোস্ট গার্ডের পেটি অফিসার ইয়াসিন আলী জানান, তারা লোকমুখে জেলে অপহরণের কথা শুনেছেন। জেলেদের পরিবারের পক্ষ থেকে কেউ তাদের কিছু জানায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৬ ঘ.