ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুরি হওয়া গাড়ির অবস্থান চিহ্নিত করতে আধুনিক মনিটরিং যানের উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
বৃহস্পতিবার সকালে রমনায় বিটিআরসি কার্যালয়ে ৫টি মনিটরিং ভেহিক্যালের উদ্বোধন করেন মন্ত্রী।
এসব গাড়ির সাহায্যে চুরি হওয়া গাড়ি ও অবৈধ ভিওআইপি যন্ত্রপাতির অবস্থান চিহ্নিত করা এবং বেতার তরঙ্গে অবৈধ হস্তক্ষেপকারী ও মোবাইল ফোনে চাঁদাবাজি ও হুমকির সঙ্গে জড়িতদের খুঁজে বের করা সম্ভব হবে।
এ উপলক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী টেলিযোগাযোগ সেক্টরকে শক্তিশালী করতে সরকারের আগ্রহের কথা প্রকাশ করেন। তিনি বিটিআরসির কর্মকর্তা-কর্মচারিদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানান।
বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল জিয়া আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৩২ঘ.
bdnews24