নারায়ণগঞ্জ, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীকে অবৈধ দখলমুক্ত করতে হাইকোর্টের নির্দেশ আনুযায়ী সীমানা নির্ধারণের জন্য একটি কমিটি করা হয়েছে। কমিটি আগামী ১০ নভেম্বরের মধ্যে সীমানা নির্ধারণের কাজ শেষ করবে।
এছাড়া সীমানা নির্ধারণ কাজের ব্যয়ের হিসাব তৈরি করতে আলাদা একটি কমিটি করা হয়েছে। এ কমিটি সাত দিনের মধ্যে সম্ভাব্য ব্যয়ের হিসাব তৈরি করবে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ কমিটি দুটি করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল ইসলামের নেতৃত্বে করা সীমানা নির্ধারণ কমিটিতে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), স্থানীয় পৌরসভা এবং ভূমি কার্যালয় প্রতিনিধিদের রাখা হয়েছে।
সীমানা নির্ধারণে ব্যয়ের হিসাব তৈরির কমিটির প্রধান করা হয়েছে ডেপুটি কালেক্টর (রাজস্ব) আব্দুল হাইকে। এ কমিটিতে পিডব্লিউডি ও বিআইডব্লিউটিএ প্রতিনিধিদের রাখা হয়েছে।
জেলা প্রশাসক সামছুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল্লাহ নূরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাসসহ বিআইডব্লিউটিএ, ভূমি কার্যালয় এবং নারায়ণগঞ্জ পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে ২৫ জুন হাইকোর্ট ঢাকার চারপাশের চারটি নদী বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু বাচাঁতে নদীর সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সরকারকে কয়েকটি নির্দেশনা দেয়।
আদালত পরবর্তী চার মাসের মধ্যে নদীগুলোর সীমানা নির্ধারণের নির্দেশ দেয়। এছাড়া নদী তীরের সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়। আগামী ছয় মাসের মধ্যে এ আদেশ কার্যকর করতে বলা হয়।
'সিএস ও আরএস রেকর্ড' অনুসারে আদালত নদী চারটির জরিপ আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও ভূমি জরিপ অধিদপ্তরকে নির্দেশ দেয়।
পরবর্তী ছয় মাসের মধ্যে অর্থাৎ আগামী বছরের ৩০ মের মধ্যে নদী চারটির সীমানা চিহ্নিত করে সীমানা খুঁটি স্থাপনের জন্যও নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২৩২২ ঘ.
bdnews24