গাজীপুর, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পূর্বশত্র"তার জের ধরে সোমবার রাতে গাজীপুর সদরের ভবানিপুর এলাকায় এক কলেজ অধ্যক্ষের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা।
হামলায় টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলী আশরাফ এবং মেজর এ কে এম মশিউর রহমান মনির ও মেজর মো. আমিনুল হকসহ পাঁচজন আহত হয়েছেন।
সেনা কর্মকর্তা মনির ও আমিনকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
মেজর মনির ঠাকুরগাঁও ২০ রাইফেলস ব্যাটালিয়নে মেডিকেল আফিসার এবং মেজর আমিন দিনাজপুর বিডিআর সেক্টর সদর দপ্তরে স্টাফ অফিসার হিসেবে কর্মরত। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়।
হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আহসান উল্লাহ ও তার ছেলে শাহ কামাল প্রিন্সসহ ৩৮জনকে আটক করেছে বলে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান।
তিনি জানান, এ ঘটনায় অধ্যক্ষ আলী আশরাফ বাদী হয়ে জয়দেবপুর থানায় ৪৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা করেছেন।
পুলিশ কর্মকর্তা জানান, সোমবার রাতে ভবানিপুর এলাকায় অধ্যক্ষ আলী আশরাফের বাড়িতে তার মামাতো ভগ্নিপতি আলমের বন্ধু মেজর এ কে এম মশিউর রহমান মনির ও মেজর মো. আমিনুল হক জমি কেনার টাকা নিয়ে আসেন।
রাত পৌনে ১২টার দিকে অর্ধশতাধিক লোক রামদা, লাঠি লোহার রড, হকিষ্টিকসহ অধ্যক্ষের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। সন্ত্রাসীরা রামদা ও চাপাতি দিয়ে দুই সেনা কর্মকর্তাকে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পাসহ বিভিন্নস্থানে জখম করে। অধ্যক্ষসহ অন্যরা সন্ত্রাসীদের লাঠির আঘাতে আহত হয়েছেন।
আহতরা বাকিরা হলেন- প্লাবন ও হাবিবুর রহমান মিন্টু।
মামলার এজাহারে বলা হয়, সন্ত্রাসীরা আলমের কাছ থেকে আট লাখ ৫০ হাজার টাকা, একটি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায়। এছাড়া তারা দুটি প্রাইভেট কার, বাসার কাচ, সোফা ও অন্যান্য আসবাব ভাঙচুর এবং তছনছ করেছে।
ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। হিউম্যানহলারে করে পালিয়ে যাওয়ার সময় এবং ঘটনাস্থল থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান, পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে আলমের সঙ্গে আহসান ও তার ছেলে প্রিন্সের আগে থেকেই বিরোধ ছিল। গত ৩০ জুলাই দুপক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়।
অধ্যক্ষ্য আশরাফের বাড়িতে বসে আলম অন্যদের নিয়ে তাদের বিরুদ্ধে কোনো পরিকল্পনা করছিল- এ ধারণা থেকে আহসানের লোকজন হামলা চালায়।
আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, বিকেলে পুলিশ গ্রেপ্তারকৃতদের অতিরিক্ত বিচার বিভাগীয় হাকিমের আদালতে পাঠায়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.
bdnews24