২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখে বাঁধ দিয়ে বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায় ভারত: মতিন

ভারতকে ইঙ্গিত করে ভাষা সৈনিক আব্দুল মতিন বলেছেন, বাংলাদেশের উন্নয়ন যারা চায় না তারাই টিপাইমুখে বাঁধ নির্মাণ করে উন্নয়নে বাধার সৃষ্টি করতে চায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতকে ইঙ্গিত করে ভাষা সৈনিক আব্দুল মতিন বলেছেন, বাংলাদেশের উন্নয়ন যারা চায় না তারাই টিপাইমুখে বাঁধ নির্মাণ করে উন্নয়নে বাধার সৃষ্টি করতে চায়। মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের কাছ থেকে 'টিপাইমুখ বাঁধ প্রতিরোধ কমিটি' ও 'সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ' এর যৌথ লং মার্চ কর্মসূচি শুরু উপলক্ষে এক প্রচারণা সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মতিন বলেন, "যারা বাংলাদেশের উন্নয়ন চায় না তারাই টিপাইমুখ বাঁধের মতো প্রাকৃতিক বিপযর্য়ের মতো একটি প্রকল্প হাতে নিয়েছে ।" আগামী ৮ আগস্ট এই লং মার্চের কর্মসূচি শুরু হবে। আয়োজকরা বলেছেন এটি সড়ক পথে সিলেট হয়ে জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের টিপাইমুখ বাঁধ এলাকায় যাবে। আব্দুল মতিন বলেন, ''পাকিস্তানীরাও এদেশের উন্নয়নকে দমিয়ে রাখতে চেয়েছিল। রাষ্ট্র ভাষা উর্দু করতে চেয়েছিল। কিন্তু তাতে তারা সফল হতে পারেনি। বাঙালি জনগণ তাদের ষড়যন্ত্র ভেঙে দিয়েছে।'' সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে মতিন বলেন, "হতাশ হওয়ার কিছু নেই। জনগণ এক থাকলে এ দেশের উন্নয়নকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।" বাংলাদেশের বিরুদ্ধে 'নানা ষড়যন্ত্র' হচ্ছে মন্তব্য করে জনগণকে এ ব্যাপারে সজাগ থাকারও আহবান জানান তিনি। প্রচারণা সমাবেশে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবেদ রাজা, আবদুল হাই শিকদার, এ এম ঈসা,সৈয়দ খলিলুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এসকে/২০৩৩ঘ.