চট্টগ্রাম, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নৌ পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপের পর বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন মঙ্গলবারের অবস্থান কর্মবিরতির কর্মসূচি স্থগিত করেছে।
সোমবার বিকেলে বন্দর ভবনে বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফেডারেশনের শীর্ষ নেতাদের আলোচনার হয়। পরে কর্মীসভা করে মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করে ফেডারেশন। তবে কতদিনের জন্য কর্মসূচি স্থগিত করা হল সেটা জানাননি শ্রমিক নেতারা।
সকালে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান শ্রমিক কর্মচারীদের দাবি দাওয়ার বিষয়ে ফেডারেশনের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন।
এ সময় মন্ত্রী শ্রমিকদের দাবি পূরণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন এবং আন্দোলনের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেন।
ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে শ্রমিক কর্মচারীদের দাবির ব্যাপারে মন্ত্রীর সঙ্গে ফেডারেশনের নেতাদের কথা হয়। এর পরিপ্রেক্ষিতে বিকেলে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কালকের (মঙ্গলবারের) অবস্থান কর্মবিরতির কর্মসূচি স্থগিত করা হয়।"
তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্দরে চাকরিচ্যুতদের পুর্নবহাল, ডক ব্যবস্থাপনা বোর্ড আবার চালু ও কল্যাণ তহবিল চালুসহ বিভিন্ন দাবিতে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন মঙ্গলবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত কাজ বন্ধ রেখে অবস্থান কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল।
এসব দাবিতে চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশন মে মাস থেকে আন্দোলন করে আসছে।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনা অনেকটা সফল হয়েছে। পর্যায়ক্রমে সকল সংগঠনের সঙ্গে পৃথকভাবে আলোচনা করে সমস্যা, অসন্তোষ ও দাবি পূরণের উদ্যোগ নেওয়া হবে।"
বৈঠকে বন্দর কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন, পরিচালক (প্রশাসন) মহিবুল হক, পরিচালক (পরিবহন) আহসানুল কবির এবং শ্রমিক নেতাদের পক্ষে ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, ডক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, স্টিভিডোরিং স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হান শরীফ, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর নওশাদ প্রমুখ।
বৈঠক শেষে ফেডারেশনের নেতারা বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদের সঙ্গে দেখা করে তাদের দাবি বিবেচনার আহবান জানান। চেয়ারম্যান আলোচনার মাধ্যমে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।
বৈঠক শেষে ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলমগীর জানান, আগামী ৫ আগস্ট স্টিভিডোরিং স্টাফ ইউনিয়নের সঙ্গে, ৮ আগস্ট কোস্টার হ্যাজ ও মালিক সমিতির সঙ্গে এবং ১০ আগস্ট ডক শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনার দিন ঠিক হয়েছে।
অন্য সংগঠনগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করা হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০০৪ ঘ.
bdnews24