ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুই মামলার অধিকতর তদন্তের আদেশ দিয়েছে আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ১ নং দ্রুত বিচার আদালতের বিচারক মো. মাসদার হোসেন সোমবার সকাল ১১টায় এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে পুলিশের মহাপরিদর্শককে প্রতিবেদন জমা দিতে বলেছে।
গত ২৫ জুন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ দুই মামলায় গ্রেনেড সরবরাহকারী এবং বোমা বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা হয়নি জানিয়ে অধিকতর তদন্তের আবেদন করেন।
চারটি ধার্য তারিখে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী ও দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হন। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করে।
২০০৮ সালের ১১ জুন তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দুটির অভিযোগপত্র দাখিল করেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগও রয়েছে সিআইডির বিরুদ্ধে।
সিআইডির দেওয়া অভিযোগপত্রে পিন্টু, তার ভাই সন্দেহভাজন গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিন এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ ২২ জনকে আসামি করা হয়।
এদের মধ্যে পিন্টু ও মুফতি হান্নানসহ ১৩ জন কারাগারে রয়েছেন। পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ বাকিরা পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এইচএ/১১২০ ঘ.
bdnews24