২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পশ্চিমের ছয় জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয় জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রধান সড়কগুলোতে নসিমন, ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ রাখার প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 11:16 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঝিনাইদহ, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয় জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রধান সড়কগুলোতে নসিমন, ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ রাখার প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো। কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজবাড়ী জেলায় মহাসড়কসহ প্রধান প্রধান সড়কে নসিমন, করিমন, আলগামন, আলমসাধু, ভটভটিসহ শ্যালো মেশিনের ইঞ্জিনচালিত অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। ছয়টি জেলার বাস-মিনিবাস মালিক সমিতি, মালিক গ্র"প, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘট ডাকে। রোববার বিকেলে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্র"পের সাধারণ সম্পাদক ও অবৈধ যান চলাচল প্রতিরোধ কমিটির আহ্বায়ক হাসান আবুল ফজল বিডিনিউজ টোয়েন্টিফো ডটকমকে বলেন, "মহাসড়কসহ যেসব সড়কে বাস, মিনিবাস ও ট্রাক চলাচল করে সেসব সড়কে নসিমন, ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করার ব্যাপারে প্রশাসন আশ্বাস দেওয়ায় আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।" তিনি জানান, পরিবহন মালিক ও শ্রমিকদের দাবির বিষয়ে রোববার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত খুলনা বিভাগীয় কমিশনার ইউনুসুর রহমানের কার্যালয়ে বৈঠক হয়েছে। ওই বৈঠকে প্রশাসনের কর্মকর্তা এ আশ্বাস দিয়েছেন। খুলনা বিভাগীয় কমিশনার ইউনুসুর রহমান বলেন, "বাস, মিনিবাস ও ট্রাক মালিক ও শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা হয়েছে। প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নেবে।" খুলনা পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ হেমায়েত হোসেন বলেন, "অবৈধ যান চলাচল বন্ধ করতে ছয় জেলার পুলিশ সুপারিনটেনডেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে।" ঝিনাইদহ ও কুষ্টিয়ার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইতোমধ্যে অবৈধ যান চলাচল বন্ধ করে দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি জানিয়ে জেলা বাস-মিনিবাস মালিক গ্র"পের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এতে বলা হয়, প্রশাসনের সঙ্গে আলোচনা সাপেক্ষে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যার করা হল। ধর্মঘট প্রত্যারের ঘোষণার পর কুষ্টিয়ার বিভিন্ন স্থানে আটক পড়া পণ্যবাহী ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। শুরু হয়েছে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের বাস, মিনিবাস চলাচল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/১৭৪৬ ঘ.