ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যখাতের ২৮ হাজার ৫৬টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সংস্থাপন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পাওয়ার পর দ্রুতই এ নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
সংস্থাপন মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সরকারি কর্ম কমিশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ স্বাক্ষরিত ২৯ জুলাইয়ের এক চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।
চিঠিতে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, আওয়ামী লীগের ইশতেহারে দেওয়া পরিবার প্রতি একজনকে চাকরি দেওয়ার প্রতশ্রিুতি পূরণেই নিয়োগের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক গত বুধবার জানান, স্বাস্থ্য সেবার মান বাড়াতে এডহক ভিত্তিতে ৪ হাজার চিকিৎসক এবং ৩০ থেকে ৩২ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যখাতের শূন্য পদ সংক্রান্ত তথ্য চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তথ্য চাওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, সারাদেশে স্বাস্থ্যখাতে মোট ৩২ হাজার ৫২১টি পদ শূন্য আছে। এর মধ্যে ২৮ হাজার ৫৬টি পদে সরাসরি নিয়োগ দেওয়া যাবে। অবশিষ্ট পদগুলোয় পদোন্নতির মাধ্যমে নিয়োগ দিতে হবে।
স্বাস্থ মন্ত্রণালয়ের হিসেবে মন্ত্রণালয়ে ৪৪টি, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ২১ হাজার ৮৬৫টি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে ২ হাজার ৮৭৪টি, সেবা পরিদপ্তরের অধীনে ৩ হাজার ৫২টি, সিএমএমইউ'র অধীনে ১৩টি, নিপোর্টের অধীনে ৯২টি, কেন্দ্রীয় ঔষধাগারে ৪৯টি ও ঔষধ প্রশাসন পরিদপ্তরের ৬৭টি পদে সরাসরি নিয়োগ দেওয়া যাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সংস্থাপন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পাওয়া গেলে নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। জনবল সঙ্কটে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় দ্রুত এ নিয়োগ দেওয়া হবে।
এ সংক্রান্ত প্রস্তাবের সার সংক্ষেপে বলা হয়েছে, সরাসারি নিয়োগযোগ্য শূন্যপদ পূরণে সংস্থাপন মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন হয়। তবে বিভিন্ন সময় সরকার দেশের আর্থিক অবস্থা বিবেচনা করে কৃচ্ছ্রতা সাধনের লক্ষ্যে শূন্য পদ পূরণ বা সরাসরি নিয়োগের ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে বিধিনিষেদ জারি করেছে।
এ কারণে মন্ত্রণালয় ও বিভাগগুলো আশানুরূপভাবে ছাড়পত্র পাচ্ছে না। ছাড়পত্র প্রদান প্রক্রিয়ায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে জটিলতা ও সময়ক্ষেপন লক্ষ করা যায়।
তবে স্বাস্থ্যখাতের এ নিয়োগের ক্ষেত্রে ইতিপূর্বে সরকারের জারি করা বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এজে/এমআই/১৬১৯ ঘ.
bdnews24