ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার বিকালে দলের নতুন সভাপতিমন্ডলীর সভা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় এ সভা হচ্ছে।
সভায় নতুন সভাপতিমন্ডলীর প্রায় সব সদস্যই উপস্থিত রয়েছেন। সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও রয়েছেন।
গত বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা ১৫ সদস্যের সভাপতিমন্ডলীসহ কার্যনির্বাহী কমিটির তালিকা অনুমোদন দেন। পরে দলের সাধারণ সস্পাদক তা সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেন। নতুন সভাপতিমন্ডলীতে প্রবীণ নেতা আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আবদুল জলিল ও সুরঞ্জিত সেন গুপ্ত বাদ পড়েন।
এর পরদিন শুক্রবার সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান একজন মন্ত্রী ও ৫ প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। নতুন মন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীসহ ৪৩ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসএম/এইচএ/২০০০ঘ.
bdnews24