২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সিএনজি ফিলিং স্টেশন মালিকদের কয়েকটি দাবি অযৌক্তিক'

সিএনজি ফিলিং স্টেশন মালিকদের গ্যাসের দাম কমানোর দাবিসহ কয়েকটি দাবিকে 'অযৌক্তিক' বলে মনে করছেন জ্বালানি বিভাগের কর্মকতারা। তাদের মতে ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম কমানোর দাবি না উঠলেও উচ্চ মুনাফার জন্যই তারা এসব দাবি করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিএনজি ফিলিং স্টেশন মালিকদের গ্যাসের দাম কমানোর দাবিসহ কয়েকটি দাবিকে 'অযৌক্তিক' বলে মনে করছেন জ্বালানি বিভাগের কর্মকতারা। তাদের মতে ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম কমানোর দাবি না উঠলেও উচ্চ মুনাফার জন্যই তারা এসব দাবি করছেন। ছয় দফা দাবি আদায়ে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন আগামী ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলেও ১৬ আগস্ট পর্যন্ত তা স্থগিত করেছে । তাদের দাবির মধ্যে রয়েছে, এ খাতকে শিল্পখাত ঘোষণা করে ফিড গ্যাসের দাম অন্যান্য শিল্পের মতো ৫ দশমিক ২৩ টাকা নির্ধারণ, ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম ১৩ দশমিক ২৬ টাকা করে ডিজেল গাড়ি সিএনজিতে রূপান্তর উৎসাহিত করা, ন্যূনতম বিলের প্রথা বাতিল করে প্রকৃত গ্যাসের চাপ ও মিটার রিডিং ভিত্তিতে গ্যাসের বিল তৈরি, জরুরি ভিত্তিতে ইলেকট্রনিক ভলিউম কারেক্টর মিটার স্থাপন অথবা তাপ ও চাপ সংশোধন করে মাসিক বিল করা, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্স ফি এক লাখ টাকার পরিবর্তে ৫ হাজার টাকা নির্ধারণ, সিএনজি স্টেশনের নগদ জামানত প্রথা বাতিল করে পুরোটাই ব্যাংক গ্যারান্টির মাধ্যমে গ্রহণ, মাসিক বিল সময়মতো দিতে না পারলে নিরাপত্তা জামানতের সময়কালের (৬০-৯০দিন) মধ্যে সংযোগ বিচ্ছিন্ন না করা এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র থেকে সিএনজি স্টেশনকে অব্যাহতি দেওয়া। সমিতির তথ্য অনুযায়ী, সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনের সংখ্যা ৪৭৫ টি। আর রূপান্তরিত গাড়ির সংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার। নাম প্রকাশ না করার শর্তে জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের দাবির মধ্যে কয়েকটি একেবারেই 'অযৌক্তিক'। দেশে যে হারে সিএনজি স্টেশন স্থাপন হয়েছে, সেই অনুপাতে গাড়ি রূপান্তর না হওয়ায় তাদের লাভ কমে যাচ্ছে বলে কারণ দেখানো হয়েছে। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা। এতে ফিলিং স্টেশনগুলোর লাভ থাকছে ৬ টাকা ৭৮ পয়সা। তাদের প্রস্তাব অনুযায়ী লাভ হবে ৮ দশমিক ৩ টাকা। ওই কর্মকর্তা বলেন, ইতোমধ্যে সর্বনিম্ন বিল ৬০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। ভোক্তা পর্যায়ে দাম কমানোর দাবি উঠছে না। নিজেদের স্বার্থ বিবেচনা করেই শুধুমাত্র সিএনজি ফিলিং স্টেশন মালিকরা এসব দাবি করছেন। বাংলাদেশেই সম্ভবত সবচেয়ে কম দামে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বিক্রি হয় বলে তিনি জানান। তবে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব জাকির হোসনে নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের সব দাবি 'যৌক্তিক'। সরকার এগুলো দ্রুত বাস্তবায়ন করবে বলে আমরা মনে করি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা তাদের সঙ্গে বৈঠক করে দাবি-দাওয়ার কথা শুনেছি। সরকার তাদের 'যৌক্তিক' দাবিগুলো বিবেচনা করে দেখবে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সিএনজি ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। বৈঠকে উপদেষ্টা তাদের দাবি-দাওয়ার বিস্তারিত মন্ত্রণালয়ে জমা দিতে বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএনএস/এইচএ/২২১৩ ঘ.