২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র : গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন লিয়াকত

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই'র সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 01:47 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামী জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই'র সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে চারদিন জিজ্ঞাসাবাদ শেষে সিআইডি কর্মকর্তারা তাকে মহানগর হাকিম আদালতে হাজির করেন। হাকিম মোহাম্মদ ফজলুল বারী লিয়াকতকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে লিয়াকতকে তৃতীয় দফায় চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি আরও জানান, চার দিনের জিজ্ঞাসাবাদ শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি না হওয়ায় লিয়াকতকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইও বলেন, চারদিনের জিজ্ঞাসাবাদে লিয়াকত হোসেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে 'তদন্তের স্বার্থে' তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হন নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সিআইডি'র অন্য এক কর্মকর্তা জানান, লিয়াকত কার নির্দেশে জেটি ঘাটে হাজির হয়ে অস্ত্র খালাস কার্যক্রম তদারকি করেছিলেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/