২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর শহররক্ষা বাঁধ মেরামতের কাজ শুরু

ফরিদপুর শহররক্ষা বাঁধের ধসে যাওয়া অংশে মঙ্গলবার রাত থেকে সিসি ব্লক ও বালিভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 11:00 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ফরিদপুর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহররক্ষা বাঁধের ধসে যাওয়া অংশে মঙ্গলবার রাত থেকে সিসি ব্লক ও বালিভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শহর থেকে চার কিলোমিটার দূরে মুন্সিডাঙ্গি এলাকায় মঙ্গলবার বিকেলে শুরু হয়ে বাঁধের প্রায় ৬০ মিটার অংশ পদ্মায় বিলীন হয়ে যায়। বুধবার সকালে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু মাসুদসহ পাউবো'র উর্ধতন কর্মকর্তারা। ফরিদপুর পাউবো'র উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল কাদের খান বলেন, "মঙ্গলবার ভারী বর্ষণের ফলে নদীর তীরে জমে থাকা পানি চুইয়ে বাঁধের ভেতরের অংশ দুর্বল করে দেয়ায় ধসের ঘটনা ঘটেছে। "রাত ১টা থেকে সিসি ব্লক ও বালিভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। দুই হাজার সিসি ব্লক ও এক হাজার জিও ব্যাগ ফেলা হবে।" নতুন করে আর কোনো অংশ ধস নামেনি বলে তিনি জানান। এর আগে সোমবার জেলার চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ বাজার সংলগ্ন পদ্মা নদীতীর সংরক্ষণ বাঁধের ২০ মিটার এবং মঙ্গলবার আরও ১০ মিটার অংশ ধসে গেছে। ভাঙনস্থলে কংক্রিটের ব্লক ও বালুর বস্তা নিক্ষেপ করে পাউবো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০৫ ঘ.