সাভার, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রবল বর্ষণে সাভারের নিুাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিনষ্ট হয়েছে প্রায় ৬৫ হেক্টর জমির ফসল। তলিয়ে গেছে সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি-ঘর ও রাস্তা।
সোমবার রাত নয়টা থেকে মঙ্গলবার সকাল ১১ টা পর্যন্ত সাভারে একটানা বৃষ্টি হয়।
বৃষ্টি থামার পর সরজমিনে সাভার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্পসারণ কেন্দ্র, সাভার পৌর এলাকার ভাগলপুর, নামাবাজার, নামাগেন্ডা, ব্যাংক কলোনি, ব্যাংক টাউন, উলাইল, ভাটপাড়া, রাজাশন, চাঁপাইন, সবুজবাগ, বাড্ডা ভাটপাড়া, ছায়াবিথী, জালেশ্বর, সোবাহানবাগ, বনগাঁও, ভাকুর্তা, চাইরা, দিলখুশাবাগ, আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বেরন, কুঁড়গাও, গণকবাড়িসহ বিভিন্ন মহল্লা পানিতে তলিয়ে গেছে।
সাভার উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান জানান, সাভার উপজেলার ১৩৪৫ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছিল। বর্ষণে পানি জমে গিয়ে প্রায় ৬৫ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে।
নামা গেন্ডা, বনগাঁও, চাইরাসহ কয়েকটি এলাকার মিষ্টি কুমড়া, মুলা, লাল শাক ও অন্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, দ্রুত পানি সরে না গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৯ ঘ.
bdnews24