২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনডি বাঁধের ভেতরে জলাবদ্ধতা, জনদুর্ভোগ

প্রবল বর্ষণে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের নারায়ণগঞ্জ অংশের ভেতরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

নারায়ণগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রবল বর্ষণে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের নারায়ণগঞ্জ অংশের ভেতরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার রাতভর বৃষ্টিতে নিুাঞ্চল তিন থেকে চার ফুট পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে রাস্তাঘাট, ঘর-বাড়ি, মসজিদ, শিল্পকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান। ওইসব এলাকার ঘরবাড়িতে পানি ঢুকেছে। বেশিরভাগ বাড়ির রান্নার ঘরের চুলা ডুবে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অবস্থিত ডিএনডি পাম্প হাউজের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ নুর মোহাম্মদ জলাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, পানি নিষ্কাশনের জন্য ১২৮ কিউসেক ক্ষমতার চারটি পাম্প রয়েছে। দ্রুত পানি নিস্কাশনের জন্য বসানো হয়েছে ৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন আরও ২৮টি পাম্প। তিনি জানান, স্বাভাবিক অবস্থায় ডিএনডির পানি নিষ্কাশন খালে ৬ ফুট পানি থাকে। কিন্তু বষর্ণের কারণে খালে পানি বেড়ে ৯ ফুট হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। জলাবদ্ধতার কারণে মঙ্গলবার অনেকে বাড়ি-ঘর ছেড়ে বাঁধের বাইরে অবস্থিত বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে উঠেছে। জলাবদ্ধতার শিকার এলাকাগুলো হল- সিদ্ধিরগঞ্জের মিজমিজি, পাইনাদি, কালাহাতিয়ার পাড়, সিআই খোলা, নতুন মহল্লা, মজিব বাগ, কুতুববাগ, রসুলবাগ, নিমাই কাসারী, টেংগার পাড়, কোদালদাহ, বকস নগর, হাজীগঞ্জ, গিরিধারা, সাহেব পাড়া, বাগপাড়া, ধনকুণ্ডা। এছাড়া ফতুল্লার লালপুর, সস্তাপুর, পিঠালীরপুল, নয়ামাটি, ওয়াপদারপুল, টাগারপাড়, উত্তর মাসদাইর, ভুইগড়, তুষারধারা, জালকুড়ি, বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানির সঙ্গে শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য মিশে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। সিদ্ধিরগঞ্জের কালাহাতিয়ার পাড় জামে মসজিদের পেশ ইমাম মনির হোসেন জানান, প্রবল বর্ষণে মসজিদ এক ফুট পানির নিচে তলিয়ে গেছে। মুসল্লিদের নামাজ আদায় করতে দুর্ভোগে পড়তে হয়েছে। পাইনাদি এলাকার দিনমজুর সিরাজ মিয়া জানান, হঠাৎ করে প্রবল বর্ষণে রাতে ঘরে দেড় ফুট পানি উঠে যায়। পানিতে ঘরের আসবাব পত্র তলিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২১২৬ ঘ.