ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশের ওষুধ কারখানাগুলো পরিদর্শন হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, ওষুধের মানের প্রশ্নে কোনও ধরনের আপস করা হবে না।
ভেজাল প্যারাসিটামল সিরাপ পানে শিশু মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটে তিনি রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন।
মন্ত্রী জানান, এ বিষয়ে দুটি কমিটি কাজ করছে। একটি মন্ত্রণালয়ের এবং অপরটি সংসদীয় কমিটি।
দেশে ২৫৮টি লাইসেন্সপ্রাপ্ত ওষুধ কোম্পানি আছে জানিয়ে রুহুল হক বলেন, "সব কোম্পানিকে পরীক্ষা করে দেখা হবে। যারা ন্যূনতম মান বজায় রেখে ওষুধ তৈরি করছে না, সেগুলো বন্ধ করে দেওয়া হবে। এক্ষেত্রে কোনও আপস নেই। কারও প্রতি দুর্বলতা দেখানো হবে না।"
কমিটিগুলো কাজ ইতোমধ্যে শুরু করেছে বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, "অসাধু ব্যবসায়ীরা কম দামি কাঁচামাল ব্যবহার করে ওষুধ তৈরি করায় মৃত্যুর ঘটনা ঘটেছে।"
সারাদেশে ওষুধ কারখানাগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নিয়ে গত ২৩ জুলাই চার সদস্যের কমিটি করে স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৫৩৭ ঘ.
bdnews24