সাভার, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার বাজার বাসস্ট্যান্ড ও বাজার রোডের বিভিন্ন হোটেল, বেকারি ও মিষ্টির দোকান থেকে ভ্রাম্যমাণ আদালত ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
এ সময় বিভিন্ন দোকানের পচা, বাসি ও দুর্গন্ধযুক্ত মিষ্টি নর্দমায় ফেলে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
শনিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- সাভার বাজার বাসস্ট্যান্ডের এশিয়ান হাইওয়ে রেস্তোরাঁ (৩০ হাজার টাকা), বাংলার স্বাদ রেস্তোরাঁ (৪০ হাজার), বাজার রোডের গ্র্যান্ড সন্স সম্ভু চাঁন মিষ্টান্ন ভাণ্ডার (১০ হাজার), যোগেশ মিষ্টান্ন ভাণ্ডার (৪০ হাজার), সাধাপুর মিষ্টান্ন ভাণ্ডার (৪০ হাজার), নিউ রশিকলাল গ্র্যান্ড সন্স সুইটমিট (১৫ হাজার), নিতাই চাঁদ মিষ্টান্ন ভাণ্ডার (১০ হাজার), পপি বেকারি (৩০ হাজার), শুভেচ্ছা মিষ্টান্ন ভাণ্ডার (৪০), বাজার বাসস্ট্যান্ডের নিউ স্টার হোটেল (৩০ হাজার) এবং শুরুচি হোটেল এন্ড রেস্টুরেন্ট (৪০ হাজার টাকা)।
এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রির অভিযোগে আর্দশ মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী মিন্টু ঘোষকে আটক করে। এর ঘন্টাখানেক পর তাকে জরিমানা না করেই ছেড়ে দেওয়া হয়।
অভিযান শেষে অমিতাভ সরকার সাংবাদিকদের বলেন, হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। বিক্রি হচ্ছে পচা বাসি মিষ্টি, বেকারির পরিবেশ নোংরা। এ ছাড়া বিষাক্ত দ্রব্য ব্যবহার করে বেকারিতে তৈরি হচ্ছে খাবার সামগ্রী।
নিউ রশিকলাল গ্র্যান্ড সন্স সুইটমিটের মালিক সন্তোষ চন্দ্র ঘোষ অভিযোগ করেন, দোকানের কোনো পচা, বাসী মিষ্টি নেই। তার ভাল মিস্টি ও লাড্ডু ফেলে দিয়েছে এবং জরিমানা আদায় করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২০ ঘ.
bdnews24