ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজানে তরল দুধের বর্ধিত চাহিদা মেটাতে মিল্কভিটা দুই শিফটে কাজ করে প্রতিদিন ৩ লাখ লিটার দুধ বাজারে সরবরাহ করবে। বর্তমানে মিল্কভিটা প্রতিদিন প্রায় ১ লাখ ৭০ হাজার লিটার তরল দুধ বাজারে সরবরাহ করে থাকে।
বৃহস্পতিবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাসিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় মিল্কভিটার মহাব্যবস্থাপক আব্দুল বারিক এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারি উদ্যোগের কথা মাথায় রেখে মিল্কভিটা দুই পালায় উৎপাদনের পরিকল্পনা চূড়ান্ত করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে ১ লাখ ৭০ হাজার লিটার দুধ উৎপাদন করছে। দুই পালায় উৎপাদন শুরু হলে দৈনিক উৎপাদন তিন লাখ লিটারে উন্নীত হবে। এতে রমজানে দুধের চাহিদা মেটানো যাবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব সমর চন্দ্র পাল, মিল্কভিটার মহাব্যবস্থাপক আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মিল্কভিটায় সিস্টেম লস, দুর্নীতি ও অপচয় কমানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। সেইসঙ্গে আগামী রমজানে রাজধানীতে যেন দুধের কোনো সংকট সৃষ্টি না হয় বা মূল্য বেড়ে না যায়, সেব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকতেও বলেন তিনি।
নানক বলেন, রমজানে ধর্মপ্রাণ মুসল্লীদের জন্য দুধের সরবরাহ নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজনে দুধের সরবরাহ বাড়াতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১০৫ ঘ.
bdnews24